সোমবার, জুন ২২, ২০২৬

দুদক চেয়ারম্যানের পদত্যাগের পর সংস্থাটির স্বাধীনতা নিয়ে টিআইবির প্রশ্ন

সোনার দেশ ডেস্ক ০৪ মার্চ ২০২৬ ১২:০৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৪ মার্চ ২০২৬ ১২:০৯ অপরাহ্ন
দুদক চেয়ারম্যানের পদত্যাগের পর সংস্থাটির স্বাধীনতা নিয়ে টিআইবির প্রশ্ন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার একযোগে পদত্যাগের পর সংস্থাটির স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, গুরুত্বপূর্ণ নজরদারি প্রতিষ্ঠানগুলোকে পছন্দের নেতৃত্বের আওতায় রাখার সংস্কৃতি দেশের রাজনীতি ও আমলাতন্ত্রে দীর্ঘদিনের।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, বিষয়টি হতাশাজনক হলেও অবাক করার নয়। তাঁর মতে, দুদকের মতো প্রতিষ্ঠানকে দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত রাখার বাস্তব চর্চা এখনো ক্ষমতাকাঠামোর কাছে অগ্রহণযোগ্য বলেই প্রতীয়মান হয়।

ইফতেখারুজ্জামান বলেন, এটি নতুন কিছু নয়। তবে স্বল্পমেয়াদি সুবিধার আশায় যাঁরা এ ধরনের চর্চা থেকে বের হতে পারছেন না, তাঁরা দীর্ঘ মেয়াদে আত্মঘাতী পরিণতির ঝুঁকি নিচ্ছেন।

নতুন নিয়োগপ্রক্রিয়া কীভাবে ও কাদের মাধ্যমে সম্পন্ন হবে—এটি এখন দেখার বিষয় উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, দুদকের স্বাধীনতা নিয়ে যে অঙ্গীকার করা হয়েছে, তার বাস্তব রূপ কেমন দাঁড়ায়, সেটিই হবে মূল বিবেচ্য বিষয়।

উল্লেখ্য, আজ মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে এসে পদত্যাগপত্র জমা দেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার। পরে বেলা সাড়ে ৩টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান।

তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন