সোমবার, জুন ২২, ২০২৬

আদালতে শুনানি করার সময় দুই আইনজীবীর মারামারি

সোনার দেশ ডেস্ক ০৪ মার্চ ২০২৬ ১০:১১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৪ মার্চ ২০২৬ ১০:১১ অপরাহ্ন
আদালতে শুনানি করার সময় দুই আইনজীবীর মারামারি

পটুয়াখালী কলাপাড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি চলাকালে দুই আইনজীবীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় বিশৃঙ্খলার সৃষ্টি হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাব্বি ইসলাম রনি আদালতের কার্যক্রম সাময়িক মূলতবি করে এজলাস থেকে বের হয়ে যান।


বুধবার ( ৪ মার্চ) দুপুর ১২টার দিকে কলাপাড়া আদালতের এজলাসে শুনানি  কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে। 


আদালত সূত্র, আইনজীবী ও বিচারপ্রার্থীদের সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে জমিজমা সংক্রান্ত সিআর ১০/২০২৫ নং মামলার শুনানি শুরু হয়। এ সময় মামলার আসামিদের স্থায়ী জামিন প্রার্থনা করেন তাদের আইনজীবীরা। বিষয়টি নিয়ে এজলাসে উপস্থিত আইনজীবীদের মধ্যে হট্টগোল শুরু হয়।


একপর্যায়ে সিনিয়র আইনজীবী হাফিজুর রহমান চুন্নু অপর আইনজীবী নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনার সঙ্গে সঙ্গে সাময়িক সময়ের জন্য আদালত মূলতবি করে এজলাস থেকে বেরিয়ে যান ম্যাজিস্ট্রেট।


কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি খন্দকার নাসির উদ্দিন বলেন, আদলতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও  দুই আইনজীবীর মধ্যে বাগবিতণ্ডার ঘটনার সমঝোতা হয়েছে। আমরা আইনজীবীরা বসে বিষয়টি সমাধান করে দিয়েছি।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন