গুড়িয়ে দেওয়া আ.লীগ কার্যালয় এখন ‘পাবলিক টয়লেট’
রাজশাহীতে দুই দফায় গুড়িয়ে দেওয়া হয়েছে মহানগর আওয়ামী লীগ কার্যালয়। এবার সেই কার্যালয় ‘পাবলিক টয়লেট’ ঘোষণা করা হয়েছে। ভাঙা স্থানে একটি ব্যানারও ঝুলিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা কমিটির নেতৃবৃন্দ এই ব্যানার ঝুলিয়ে দেন। এতে নেতৃত্ব দেন জেলা কমিটির আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু।
ব্যানারে লেখা আছে, ‘মুজিব পাবলিক টয়লেট। সম্পূর্ণ বিনামূল্যে ১৭ বছরের ক্ষোভ ঝাড়ুন। সৌজন্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হয়ে উঠতে চাইছে। আমরা তা হতে দেব না। কয়েকদিন আগে এখানে আওয়ামী লীগের লোকজন শুভ উদ্বোধনের ব্যানার ঝুলিয়ে যায়। আমরা বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই।
গেল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে কে বা কারা এখানে ব্যানার ঝুলিয়ে যায়। ব্যানারে লেখা ছিল ‘বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখা কার্যালয় শুভ উদ্বোধন করা হলো’। এরপর শনিবার দুপুরে ব্যানারটি খুলে পুড়িয়ে দেন বিএনপির নেতারা।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়লে মহানগর আওয়ামী লীগের এই দলীয় কার্যালয় ভাঙচুর চালানো হয়। সেদিন এস্কেভেটর নিয়ে ভাঙা হয়। কিন্তু দোতালা ভবন তখনও ছিল।
গেল বছরের ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদী নিহতের ঘটনার পর উত্তেজিত ছাত্রজনতা পরিত্যক্ত ভবনটির অবশিষ্ট অংশও ধ্বংস করে পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলে। এরপর থেকে স্থানটি ফাঁকা পড়েছিল।