সোমবার, জুন ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর দুটি ইফতার মাহফিল স্থগিত

সোনার দেশ ডেস্ক ০৫ মার্চ ২০২৬ ১০:০৮ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৫ মার্চ ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর দুটি ইফতার মাহফিল স্থগিত
তারেক রহমান (ফাইল ফটো)

রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্মানে আয়োজিত দুটি ইফতার মাহফিল স্থগিত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব ইফতার অনুষ্ঠান হওয়ার কথা ছিল।


দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (৫ মার্চ) জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।


তবে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক ও আলেম-ওলামাদের সঙ্গে তিনি দুটি ইফতার করবেন।


প্রতি বছরই কূটনীতিক, আলেম-ওলামা, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি।


এবারও এসব শ্রেণির মানুষের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতারের আয়োজন করেছিল দলটি। এতে অতিথি হিসেবে থাকার কথা ছিল বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।


দলীয় সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন হওয়ার পর শুক্রবার (৬ মার্চ) কূটনীতিকদের সম্মানে প্রথম ইফতারের আয়োজন করেছে বিএনপি।


এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ঢাকায় দূতাবাসের বিভিন্ন প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। থাকবেন মন্ত্রিপরিষদের সদস্য এবং এমপিরাও।


এছাড়া ৭ মার্চ আলেম-ওলামা মাশায়েখ ইমাম মুয়াজ্জিনদের সম্মানে একই জায়গায় ইফতার অনুষ্ঠিত হবে।


পরদিন ৮ মার্চ রাজনীতিবিদের সম্মানে ও ১০ মার্চ সাংবাদিকদের সম্মানে ইফতারের হওয়ার দিন ধার্য করা ছিল। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৮ ও ১০ মার্চের ইফতার আয়োজন স্থগিত করে দলটি।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন