রাবিতে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু, হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) সিনেট ভবনে সকালে অনুষ্ঠিত এ সম্মেলনে রাকসুর সভাপতি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সভাপতিত্ব করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, রাকসুর সাবেক প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এ এফ এম নজরুল ইসলাম ও নির্বাচন কমিশনার প্রফেসর নূরুল মোমেন, রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর মো. সেতাউর রহমান, রাকসু নির্বাচনের রিটার্নিং অফিসার প্রফেসর এ বি এম হামিদুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, হল প্রাধ্যক্ষগণ, রাকসু সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার, সহসাধারণ সম্পাদক সালমান সাব্বির বক্তব্য রাখেন। রাকসু, হল ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধিগণ কার্যক্রম পরিচালনার বিষয়ে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।
সম্মেলনে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ ৩৫ বছর পর বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে এই রাকসু নির্বাচন অনুষ্ঠান একটা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু সকলের সহযোগিতায় সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
নির্বাচনের আগে রাকসুর কর্মপরিধি ও আর্থিক সংস্থানের বিষয়ে পর্যাপ্ত তথ্য না থাকায় প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্বাচনোত্তর সময়ে আর্থিক সংস্থান ও বাস্তবতার নিরিখে অগ্রাধিকারের ভিত্তিতে সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে। বাস্তবতার বিষয়টি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিবেচনা করবে বলে আমি আশা করি।
উপাচার্য তাঁর বক্তব্যে আরো বলেন যে, সকলের সম্মিলিত সহযোগিতায় রাকসু সফল হলে তা এক দৃষ্টান্ত হয়ে থাকবে।