মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নওগাঁয় ডিসির ইদ উপহার পেলো তৃতীয়লিঙ্গরা

নওগাঁ প্রতিনিধি ০৬ মার্চ ২০২৬ ০৩:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ প্রতিনিধি ০৬ মার্চ ২০২৬ ০৩:৫৭ অপরাহ্ন
নওগাঁয় ডিসির ইদ উপহার পেলো তৃতীয়লিঙ্গরা

ইদ মানেই আনন্দ। বিশেষ করে ইদুল ফিতর মানেই ইদ সেলামী পাওয়া। ইদের আনন্দ সমাজের সবার জন্য। এই সমাজের অনেটাই পিছিয়ে পড়া মানুষ হচ্ছে তৃতীয় লিঙ্গরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বিশেষ সময় এই সম্প্রদায়ের মানুষদের বিভিন্ন ভাবে সহযোগিতা করা হয়। তারই ধারাবাহিকতায় ইদের আনন্দের কিছু অংশ তৃতীয় লিঙ্গের মানুষদের সঙ্গে ভাগাভাগি করে নিতে জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে ইদের উপহার প্রদান করা হয়েছে। 

গত বুধবার ও বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন এলাকার ৪৩জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রত্যেকের মাঝে ইদ সেলামী হিসেবে নতুন চকচকে এক হাজার টাকার নোট প্রদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো: আশেকুর রহমান উপস্থিত ছিলেন। এমন সম্মানজনক উপহার পেয়ে বেজায় খুশি হিজড়া সম্প্রদায়ের মানুষগুলো। 

ডিসির উপহার পাওয়া হিজড়া রাবেয়া নিজের অনুভ’তি ব্যক্ত করতে গিয়ে জানায় সমাজে হিজড়ারা অনেক অবহেলিত ও উপেক্ষিত। কিন্তু হিজড়ারাও সৃষ্টিকর্তার এক সৃষ্টি। সমাজের অনেক মানুষরা হিজড়াদের অন্য দৃষ্টিতে দেখে। কিন্তু হিজড়ারাও সমাজের অন্য স্বাভাবিক মানুষদের মতো বেঁচে থাকার জন্য সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা ও ভালোবাসা পাওয়ার অধিকার রাখে। ডিসি স্যার তাদের সম্মান জানিয়ে যে ইদ উপহার দিয়েছে তা তাদের কাছে সকল প্রাপ্তির মধ্যে অন্যতম।  

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান ইদের আনন্দ সকল ধর্মের মানুষের। তাই এই আনন্দ প্রাপ্তি থেকে যেন সমাজের ভিন্ন মানুষরা বঞ্চিত না হয় সেই জন্য তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে ইদের সামান্য উপহার প্রদান করা। সামান্য এই উপহার অন্তত এই মানুষদের মাঝে কিছুটা আনন্দ ও খুশির সঞ্চার করবে। আগামীতেও ভিন্ন এই মানুষদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্তা।