সোমবার, আগস্ট ২৪, ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধ আন্তর্জাতিক আইনের অবক্ষয়ের ফল: ক্যালাস

সোনার দেশ ডেস্ক ০৬ মার্চ ২০২৬ ০৪:৩১ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৬ মার্চ ২০২৬ ০৪:৩১ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যের যুদ্ধ আন্তর্জাতিক আইনের অবক্ষয়ের ফল: ক্যালাস
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা ক্যালাস।

মধ্যপ্রাচ্যের বর্তমান বিশৃঙ্খলা ও সংঘাত আন্তর্জাতিক আইন দুর্বল হয়ে পড়ার ফল বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা ক্যালাস।

তিনি বলেছেন, আন্তর্জাতিক আইন দুর্বল হয়ে যাওয়ার কারণেই মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থিরতা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ইউনিভার্সিটি অব জুরিখে দেওয়া এক বক্তব্যে কাজা ক্যালাস বলেন, বড় বড় শক্তিধর দেশগুলো একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ায় আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আন্তর্জাতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য তিনি বিশেষভাবে রাশিয়ার দিকে ইঙ্গিত করেন। তবে একই সঙ্গে চিন ও যুক্তরাষ্ট্রেরও সমালোচনা করেন তিনি।

কাজা ক্যালাসের মতে, রাশিয়ার ইউক্রেন আক্রমণ অন্য দেশগুলোকেও দায়মুক্তির অনুভূতি দিয়েছে। ফলে তারা আন্তর্জাতিক আইন উপেক্ষা করে পদক্ষেপ নিতে উৎসাহিত হয়েছে।

তিনি বলেন, “আজ মধ্যপ্রাচ্যে আমরা যে বিশৃঙ্খলা দেখছি, তা আন্তর্জাতিক আইনের অবক্ষয়ের সরাসরি ফল।”

২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরানও। এই যুদ্ধে সরাসরি অংশ নেই ইউরোপের কোনো দেশের। তবে যুদ্ধের প্রভাব পড়েছে পুরো অঞ্চলে।

ইউরোপের অবস্থান ব্যাখ্যা করে এর আগেও কথা বলেছেন কাজা ক্যালাস। এই যুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন যোগ দেবে না বলে সাফ জানিয়ে রেখেছেন তিনি। তবে যুক্তরাজ্য, ফ্রান্স নিজেদের সামরিক ঘাঁটি রক্ষায় যে যার মতো পদক্ষেপ নিচ্ছে।

তথ্যসূত্র: রাইজিংবিডি