সোমবার, জুন ২২, ২০২৬

চুক্তি করতে যুক্তরাষ্ট্রকে ডাকছে ইরান: ট্রাম্প

সোনার দেশ ডেস্ক ০৬ মার্চ ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৬ মার্চ ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন
চুক্তি করতে যুক্তরাষ্ট্রকে ডাকছে ইরান: ট্রাম্প
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার মধ্যেই চুক্তি করতে তেহরান ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে।


মধ্যপ্রাচ্যে হওয়া এ যুদ্ধে তেলের ওপর যে চাপ ফেলেছে তা কমাতে শিগগিরই আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও বৃহস্পতিবার তিনি জানিয়েছেন।


“তারা ডাকছে, বলছে, ‘একটি চুক্তি করলে কেমন হয়?’, আমি বলেছি, তোমরা খানিকটা দেরি করে ফেলেছো,” হোয়াইট হাউসে ইন্টার মিয়ামি ফুটবল দলের সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প এ কথাই বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


ইরানে মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে গর্ব করার কথা জানিয়ে মার্কিন এ প্রেসিডেন্ট বলেন, তারা তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করে দিচ্ছেন।


“তাদের নৌবাহিনী শেষ, তিন দিনে ২৪টি জাহাজ,” ইরানি কূটনীতিকদের পক্ষত্যাগ করার আহ্বান জানাতে দিয়ে তিনি এ কথা বলেন।


“আমরা বিশ্বজুড়ে থাকা ইরানি কূটনীতিকদের আশ্রয় প্রার্থনার আবেদন করতে এবং নতুন ও ভালো ইরান গড়ায় আমাদের সহায়তা করতে আহ্বান জানাচ্ছি,” বলেছেন তিনি।


নিউ ইয়র্কে জাতিসংঘের ইরান মিশন এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ট্রাম্প ইরানে অভিযান শুরুর পরদিনও বলেছিলেন, তেহরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনা করতে চায়। কিন্তু ইরান পরে এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা হবে না।


তথ্যসূত্র: বিডিনিউজ