পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনে প্রার্থীতার দাবিতে সংবাদ সম্মেলন
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রী সহদপ্তর সম্পাদক ললিতা গুলশান মিতা পাবনা ও সিরাজগঞ্জের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে মনোনয়ন প্রদানের দাবিতে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (৭ মার্চ) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে ললিতা গুলশান মিতা নিজেই সংবাদ সম্মেলন করে এই দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, রাজনীতি আমার কাছে কেবল ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের সেবা করার জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। দির্ঘদিন ধরে আমি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কাজ করেছি এবং বিশেষ করে নারী, শিশু ও তরণ সমাজের বিভিন্ন সমস্যা কাছ থেকে দেখেছি। সেই অভিজ্ঞতা থেকেই আমি মনে করি নারীদের কন্ঠকে আরো শক্তভাবে জাতীয় সংসদে তুলে ধরা এখন সময়ের দাবি।
তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সততা, দায়িত্ববোধ এবং আন্তরিকতা থাকলে একজন জনপ্রতিনিধি সত্যিকার অর্থে মানুষের আস্থা অর্জন করতে পারবে। সেই লক্ষ্য নিয়েই আমি পাবনা ও সিরাজগঞ্জ এলাকার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আবেদন জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ঈশ্বরদীর সম্মিলিত নাগরিক জোটের সদস্য সচিব আশিকুর রহমান লুলু, বিএনপি নেতা মাহ্বুবুর রহমান পলাশ, আজমল হোসেন ডাবলু, আলমগীর হোসেন, ইউনুছ আলী, সাঈফ হোসেন সেলিম, জাতীয়তাবাদী মহিলাদল নেত্রী শিরিন আক্তার, আফরোজা খাতুন, শাহীনা আক্তার, ইসমত জাহান ইতি সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।