চাঁপাইনবাবগঞ্জে মহাসড়কে সংস্কার কাজে ধুলোবালিতে অতিষ্ঠ জনজীবন
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্রিজ (বারঘোরিয়া) থেকে শিবগঞ্জ উপজেলা বিশ্বরোড পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। কাজ চলমান থাকায় উড়ন্ত ধুলোবালিতে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
এই সড়কটি চাঁপাইনবাবগঞ্জ শহরের সঙ্গে শিবগঞ্জ উপজেলা ও সোনামসজিদ স্থলবন্দরের প্রধান যোগাযোগপথ। প্রতিদিন এই পথে পণ্যবাহী ট্রাক, বাস ও বিভিন্ন যানবাহন চলাচল করে। বিশেষ করে স্থলবন্দর থেকে ভারী ট্রাক চলাচলের কারণে ধুলোবালির মাত্রা আরও বেড়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের অনেক স্থানে পুরোনো কার্পেটিং তুলে কাজ শুরু করা হলেও কোথাও কোথাও দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে। ফলে উন্মুক্ত মাটি থেকে যানবাহন চলাচলের সময় প্রচণ্ড ধুলো উড়ছে। এতে আশপাশের বসতবাড়ি, দোকানপাট ও ফসলি জমি ধুলায় ঢেকে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, ধুলো নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানোর কথা থাকলেও তা পর্যাপ্তভাবে করা হচ্ছে না। এতে শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্ট, কাশি ও চোখের সমস্যার মতো স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। পাশাপাশি ধুলাবালির কারণে পাশের আমবাগান ও ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।
বারঘেরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ বলেন, দ্রুত সড়ক সংস্কারকাজ শেষ করা এবং কাজ চলাকালীন সময়ে নিয়মিত পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী শাহ্ মোহাম্মদ আসিফ জানান, সোনামসজিদ স্থলবন্দর–চাঁপাইনবাবগঞ্জ জাতীয় সড়কটি অত্যন্ত ব্যস্ত, যেখানে প্রতিদিন বিপুল পণ্যবাহী ট্রাক চলাচল করায় ধুলো বালির প্রকোপ দেখা গেছে, তবে ঠিকাদার কে বেশি বেশি পানি ছিঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সড়ক ও জনপদ বিভাগের ৫/৬ জন কর্মীকে পানি ছিটানোসহ অন্যন্য কাজ দেখভাল করার জন্য রাখা হয়েছে।