মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

আলাউদ্দিন হত্যার প্রতিবাদে নগরীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ০৯ মার্চ ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৯ মার্চ ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন
আলাউদ্দিন হত্যার প্রতিবাদে নগরীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজশাহীর মোহনপুর উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মী ও মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিনকে (৬৫) হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সোমবার (০৯ মার্চ) দুপুরে রাজশাহী নগরের সাহেববাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।


সমাবেশে বক্তব্য দেন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, ‘আমাদের ভাই মো. আলাউদ্দিনকে হত্যার দুইদিন হয়ে গেলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, আসামি গ্রেপ্তারে কোনো ধরনের গড়িমসি বরদাশত করা হবে না।’


তিনি ঘোষণা দেন, আলাউদ্দিনের খুনিদের আগামী সাত দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।


রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- নায়েবে আমীর অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তুজা, মহানগরের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, ব্যবসা কল্যাণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন।


উল্লেখ্য, ইদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোহনপুর উপজেলার সাঁকোয়া এলাকায় শনিবার রাত পৌনে আটটার দিকে জামায়াতে ইসলামীর কর্মী ও মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিনের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, বিএনপির স্থানীয় নেতা মো. ওমর ও রাইসুলের নেতৃত্বে একদল ব্যক্তি তাকে নৃশংসভাবে আক্রমণ করে। এতে গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।