রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বাদ আসর নগরীর সপুরাস্থ শাহমখদুম এলাকায় প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থা চত্বরে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত খাদ্য কর্মচারী কল্যাণ সমিতি রাজশাহী বিভাগের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. রফিজুজ্জামান বেল্টু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত খাদ্য কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, খাদ্য পরিদর্শক মোসা. মরিয়ম খাতুন সীমা, প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থা রাজশাহীর সভাপতি মো. মোমিনুল ইসলাম, উত্তর-পশ্চিম আতিয়াপুর অভয়নগর থানা প্রতিনিধি মিজানুর রহমান দেওয়ান, খাদ্য পরিদর্শক মীর্জা মো. জাকারিয়া, অভয়নগর উপজেলা খাদ্য পরিদর্শক ওবায়দুল ইসলাম, আমিনুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অধিকার রক্ষা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থা (পিএসএস) এবং প্রতিবন্ধী নারী অধিকার বিকাশ সংস্থা, রাজশাহীর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সার্বিক অর্থায়ন করে বাংলাদেশ অবসরপ্রাপ্ত খাদ্য-কর্মচারী কল্যাণ সমিতি রাজশাহী বিভাগ। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করেন।