রাণীনগরের পাটক্রয় কেন্দ্রের জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
নওগাঁর রাণীনগর উপজেলার কালীবাড়ি হাট সংলগ্ন বগুড়ার আদমদীঘির রাণীনগর পাটক্রয় কেন্দ্রের জমির মাটি অবৈধ ভাবে খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে দড়িয়াপুর মৌজায় অবস্থিত রাণীনগর পাটক্রয় কেন্দ্রের জমির মাটি কাটার অভিযোগে পেলে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে হাসান আলী (৪৮) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে উপজেলার সান্তাহার ইউনিয়নের দড়িয়াপুর মৌজায় বাংলাদেশ জুট কর্পোরেশনের আওতাধীন পাট ক্রয় কেন্দ্রের জমিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এই রায় প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বলেন, বাংলাদেশ জুট কর্পোরেশনের আওতাধীন পাট ক্রয় কেন্দ্রের জমিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে যেখানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, এর ৭ (গ) ও (ঘ) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫ (১) ধারা অনুযায়ী রাণীনগর বাজারের মৃত-আবুল ডাক্তারের ছেলে হাসান আলীর ৫০ হাজার টাকা জরিমানা অর্থদন্ড প্রদান করা হয়েছে। আগামীতেও উপজেলাজুড়ে এই রকম অবৈধ কাজের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম।