সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহীতে আ.লীগের ইফতার, মাস্ক পড়ে শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক ১১ মার্চ ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১১ মার্চ ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন
রাজশাহীতে আ.লীগের ইফতার, মাস্ক পড়ে শপথ গ্রহণ

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ইফতার মাহফিল করেছেন। ইফতারের আগে তারা মুখে মাস্ক পড়ে শপথ গ্রহণও করেন। ইফতার মাহফিল রাজশাহী জেলা ও মহানগরের ব্যানারে হয়েছে। 


মঙ্গলবার (১০ মার্চ) রাতে জননেতা ডাবলু সরকার নামের একটি পেজ থেকে এই ভিডিওটি ছাড়া হয়। এরপর ভিডিওতে ছড়িয়ে পড়ে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার হত্যা মামলায় এখন জেলে আছে। তার নামে এই পেজ চালানো হয়। তবে এই ইফতার কবে অনুষ্ঠিত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।  


ভিডিওতে দেখা গেছে, ইফতারের আগে নেতাকর্মীরা হাত তুলে শপথ নিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে সসম্মানে ফিরিয়ে আনার শপথ নেন তারা। তাদের সসম্মানে দেশে না ফেরানো পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালানোর শপথ নেন নেতাকর্মীরা। এছাড়া কারাবন্দী রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে মুক্ত করতে না করা পর্যন্ত রাজপথে সংগ্রাম চালিয়ে যাওয়ারও শপথ গ্রহণ করেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা।


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার পার্টির শপথ গ্রহণের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করতে থাকেন। এরপর এ ব্যাপারে নড়েচড়ে বসেছে আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলো। তারা এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া শুরু করেছে। 


রাজশাহী মহানগর যুবদলের এক নেতা নাম প্রকাশ করার শর্তে জানান, ভিডিওটি আমরা ভালো করে দেখেছি। এই ভিডিওতে কয়েকজনকে শনাক্তও করা হয়েছে। যে শপথ পড়াচ্ছিলেন তিনি মহানগর সৈনিক লীগের নেতা আবেদ হোসেন। ডাবলু সরকারের ঘনিষ্ট সে। জুলাই আন্দোলনে হামলার নেতৃত্ব দিয়েছিল। 


তিনি আরও জানান, সেখানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা নাহিদ আখতার নাহান, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও বোয়ালিয়া থানা পশ্চিম আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর ছেলে আশিকুর রহমান তুহিন ও যুবলীগ নেতা রিগান। এরা সবাই জুলাই আন্দোলনে সরাসরি হামলার সঙ্গে জড়িত ছিল। ইফতারে ২০ থেকে ৩০ জনের মতো উপস্থিত ছিলেন। এদের সবার বিরুদ্ধে মামলা আছে।   


রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, এরকম একটি ভিডিও আমরা দেখেছি। তবে ঘটনাটি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইফতার পার্টি করার আইনগত কোনো সুযোগ নেই। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি।