সোমবার, জুন ২২, ২০২৬

বগুড়ার কিশোরকে বিবস্ত্র করে নির্যাতন, মাথার চুল কেটে দেয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি ১১ মার্চ ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ১১ মার্চ ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন
বগুড়ার কিশোরকে বিবস্ত্র করে নির্যাতন, মাথার চুল কেটে দেয়ার অভিযোগ

বগুড়ার শেরপুরে এক কিশোরকে (১৩) আটকের পর বিবস্ত্র করে মারপিট ও মাথার চুল কেটে নির্যাতন করার  অভিযোগ পাওয়া গেছে। এই কিশোর স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর ছাত্র।


ঘটনায় ওই কিশোরের বাবা উপজেলার হামছায়াপুর গ্রামের জহুরুল ইসলাম গতকাল মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে থানায় মামলা করে।


এনিয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে মামলার এজাহারভূক্ত আসামি মোতালেব আলভী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তার বাড়ি সিরাজগঞ্জের  রায়গঞ্জ উপজেলার বেংনাই গ্রামে। মোতালেব আলভী উপজেলার খন্দকারটোলা এলাকায় আত্মীয়র বাড়ি থেকে অনলাইনে নতুন জামা কাপড়ের ব্যবসা করে। গ্রেপ্তারের পর বুধবার (১১ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে তাকে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।


শেরপুর থানা পুলিশ জানায়, খেলাধুলাকে কেন্দ্র করে গত ৬ মার্চ দুপুরে গ্রেপ্তারকৃত মোতালেব আলভীসহ এজাহারনামীয় ৬ জন কিশোর মাহমুদুল হাসানকে উপজেলার খন্দকারটোলা এলাকায় আটক করে মারধর করে। এক পর্যায়ে এ কিশোরের মাথার চুল কেটে বিবস্ত্র করে নির্যাতন চালায়। ঘটনায় এই কিশোর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।


এ নিয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) ইব্রাহীম আলী বলেন, চিকিৎসা শেষে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ওই কিশোরের বাবা এ ঘটনা সাথে জড়িত ৬ জনের নামে থানায় মামলা করে। গ্রেপ্তারকৃত মোতালেব আলভী এই মামলার দুইনম্বর এজাহারভুক্ত আসামি। এই মামলার অন্যান্য আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।