সোমবার, জুন ২২, ২০২৬

পোল্ট্রি ফার্মে মিলল কিশোরের গলাকাটা লাশ, পাশে খোঁড়া ছিল কবর

সোনার দেশ ডেস্ক ১৩ মার্চ ২০২৬ ০৪:০৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৩ মার্চ ২০২৬ ০৪:০৭ অপরাহ্ন
পোল্ট্রি ফার্মে মিলল কিশোরের গলাকাটা লাশ, পাশে খোঁড়া ছিল কবর

সিলেটের গোয়াইনঘাটে একটি পোল্ট্রি ফার্ম থেকে সুমন আহমদ নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের পাশেই একটি কবর খোঁড়া অবস্থায় পাওয়া গেছে, যা হত্যার পর লাশ গুমের পরিকল্পনা ছিল এমনটি ধারণা পুলিশের। 

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে।

নিহত সুমন আহমদ (১৭) পার্শ্ববর্তী বানিগ্রামের আনোয়ার মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুমনের মুখ বাঁধা ছিল এবং ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটা ছিল। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের পাশেই একটি কবর খোঁড়া অবস্থায় দেখা যায়, যা দেখে স্থানীয়দের ধারণা-হত্যার পর লাশটি গুমের পরিকল্পনা করছিল দুর্বৃত্তরা। 

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খবর পেয়ে রাত ১২টার দিকে গোয়াইনঘাট–কোম্পানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমান এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। 

রাত ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে, পোল্ট্রি ফার্মের মালিকের বাড়ি থেকে রক্তমাখা একটি হাতুড়ি ও এক জোড়া জুতা উদ্ধার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, বলে জানায় পুলিশ।

তথ্যসূত্র: বাংলানিউজ