সোমবার, জুন ২২, ২০২৬

ইরান যুদ্ধের মধ্যে ইরাকে মার্কিন স্ট্র্যাটোট্যাংকার ভূপাতিত

সোনার দেশ ডেস্ক ১৩ মার্চ ২০২৬ ০৪:০৯ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৩ মার্চ ২০২৬ ০৪:০৯ অপরাহ্ন
ইরান যুদ্ধের মধ্যে ইরাকে মার্কিন স্ট্র্যাটোট্যাংকার ভূপাতিত
গুয়ামের মার্কিন ঘাঁটিতে একটি মার্কিন কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাংকার। ফাইল ছবি। ছবি: রয়টার্স

ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যে পশ্চিম ইরাকে একটি রিফুয়েলিং এয়ারক্রাফট বা জ্বালানি ভরার বিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

মধ্যপ্রাচ্য ও এশিয়ার কিছু অংশের দায়িত্বে থাকা এ কমান্ড বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, তারা স্ট্র্যাটোট্যাংকারটির ক্রু’দের উদ্ধারে কাজ করছে।

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর মেলেনি, বলেছে আল জাজিরা।

“একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং এয়ারক্রাফট হারানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড অবগত। অপারেশন এপিক ফিউরি চলাকালে বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় এ ঘটনা ঘটেছে, উদ্ধার তৎপরতা চলছে,” বলেছে সেন্টকম নামে পরিচিত মার্কিন সেন্ট্রাল কমান্ড।

কীভাবে বিমানটি ভূপাতিত হয়েছে তার স্পষ্ট ব্যাখ্যা না দিলেও নিজেদের দুটি বিমানের মধ্যে সংঘাত বা খুব কাছাকাছি চলে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওই কেসি-১৩৫ ভূপাতিত হতে পারে বলে তাদের বিবৃতিতে আভাস দেওয়া হয়েছে।

দ্বিতীয় বিমানটি ‘নিরাপদে অবতরণ করেছে’, বলেছে তারা।

“শত্রুপক্ষের হামলা কিংবা মিত্রদের ভুলক্রমে হামলার কারণে এটি ঘটেনি,” ভাষ্য মার্কিন সেন্টকমের।

তবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বলছে, তারাই যুক্তরাষ্ট্রের ওই কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাংকারটি ভূপাতিত করেছে।

যুদ্ধরত বিমানে জ্বালানি ভরায় এই স্ট্র্যাটোট্যাংকারগুলোই মেরুদণ্ডের ভূমিকা পালন করে।

নিজেদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স বলেছে, তাদের যোদ্ধারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা দিয়ে বিমানটিকে নিশানা করলে সেটি ভূপাতিত হয়।

যুদ্ধের একেবারে প্রথমদিকে কাতারে তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পাল্টায় মধ্যপ্রাচ্যজুড়ে সেসময় ইরান মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছিল, তার মধ্যেই কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে ওই বিমানগুলো ভূপাতিত হয় বলে পরে দাবি করেছিল ওয়াশিংটন।

ছয় ক্রু ওই যুদ্ধবিমানগুলো থেকে নিরাপদেই বের হতে সক্ষম হয়েছিলেন, তাদের অবস্থা স্থিতিশীল বলে পরে জানানোও হয়েছিল।

তথ্যসূত্র: বিডিনিউজ