সাঁথিয়ায় কৃষকের বসতঘর আগুন, পুড়ল ৫টি গরু ও ৩টি ছাগল
পাবনার সাঁথিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক মোতালেব হোসেনের ৩টি ঘর, আসবাবপত্র, ৫টি গরু ও ৩টি ছাগল পুড়ে ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের পদ্মবিলা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কৃষক মোতালেব হোসেনের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তে আগুনের লেলিহান শিখা তার বসতঘর ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। কৃষক মোতালেব হোসেনের বসতঘরসহ ৩টি ঘর, ঘরে রক্ষিত আসবাবপত্র ও মালামাল, ৫টি গরু ও ৩টি ছাগল পুড়ে ভস্মিভূত হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক মোতালেব হোসেন বলেন, আগুনে আমার ঘর ও গরু-ছাগল পুড়ে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হওয়ায় আমি এখন সর্বশান্ত।
ওই কৃষকের প্রতিবেশি ও সমাজসেবক সেলিম হোসেন জানান, কৃষক মোতালেব হোসেনের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্ত ততক্ষণে আগুনে সব পুড়ে শেষ হয়ে যায়। এ সময় স্থানীয় বেশিরভাগ পুরুষ মানুষ তারাবি নামাজে ছিলেন বলে আগুন নিয়ন্ত্রণে আসতে বিলম্ব হয়।
সাঁথিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার দাসুদেব সরকার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার পথে খবর আসে আগুণ নিয়ন্ত্রনে এসেছে। এ খবর পেয়ে আমরা স্টেশনে ফিরে আসি।
এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবার সহযোগিতার আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।