সোমবার, জুন ২২, ২০২৬

আন-নাস্তা’ঈন ফাউন্ডেশনের উদ্যোগে ইদ উপহার

নিজস্ব প্রতিবেদক ১৩ মার্চ ২০২৬ ০৫:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৩ মার্চ ২০২৬ ০৫:২৯ অপরাহ্ন
আন-নাস্তা’ঈন ফাউন্ডেশনের উদ্যোগে ইদ উপহার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পবিত্র ইদ উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার বিতরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। সামাজিক সংগঠন আন-নাস্তা’ঈন ফাউন্ডেশন এই উপহার দেয়। মানবিক সহায়তার এই উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের সদস্যরা উপকৃত হয়েছেন।


শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার ঘনশ্যামপুর স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘনশ্যামপুরের সহগ্রাম প্রধান ও প্রধান উপদেষ্টা লতিফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ফানিসুর রহমান, কামাল উদ্দিন, আব্দুর রাকিব, সমাজসেবী ও দাতা সদস্য ইফতেখারুল হক রুবেল, ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুল লতিফ, ওমর ফারুক বাবু এবং সহকারী শিক্ষক রাশিদুল ইসলাম।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব। পবিত্র ইদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই সমাজে মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হয়। তিনি বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি এভাবে এগিয়ে আসে, তাহলে দরিদ্র মানুষের অনেক কষ্ট লাঘব করা সম্ভব।


অনুষ্ঠানে অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিসসহ বিভিন্ন ইদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার প্রদান করা হয়, যা তাদের চলাফেরা ও দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে চলতে সহায়তা করবে।


উপহার পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দেয়।


আয়োজকরা জানান, আল্লাহর সাহায্যে, মানুষের সেবায় এই মূলমন্ত্রকে সামনে রেখে আন-নাস্তা’ঈন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।


অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।