ঈশ্বরদীতে ময়লার স্তুপ থেকে উদ্ধার হলো দুইটি শুটার গান ও ৭ রাউন্ড গুলি
পাবনার ঈশ্বরদীতে মসজিদের পাশের একটি ময়লার স্তুপ থেকে দুটি শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার পাকশী বাজার পাড়ার বাজার মসজিদের পাশের একটি ময়লার স্তুপ থেকে এই শুটার গান ও গুলি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মনিরুল ইসলাম মনির। তিনি জানান, পাকশী বাজারপাড়া এলাকার জামে মসজিদের পূর্ব পাশের রাস্তার ধারে ময়লার স্তুপে অস্ত্র লুকিয়ে রাখা আছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ময়লার স্তুপ থেকে দুটি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে শুটার গান ও গুলি ছাড়া সেখানে কাউকে দেখা যায়নি। তিনি আরও বলেন, উদ্ধারকৃত শুটার গান ও গুলি ঈশ্বরদী থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, ময়লার স্তুপে কে বা কারা এই শুটার গান ও গুলি রেখে গেছে, তা এখনো জানা যায়নি তবে তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।