‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার বিএনপিকে হঁশিয়ারি দিয়ে বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে উপজেলাজুড়ে নানা আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে।
গত শুক্রবার (১৩ মার্চ) বিকেলে জেলার শিবচর উপজেলার বাহাদুরপুরে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি ওই বক্তব্য দেন। সেই বক্তব্যের ভিডিওর কিছু অংশ (৪ মিনিট ২২ সেকেন্ড) শুক্রবার রাত থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়ে।
৪ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিও তাকে বলতে শোনা গেছে, ‘এদেশের প্রবাসী ভাইয়েরা আমাদের বিশ্বাস করেছেন। এদেশের সর্বস্ততরের মানুষ আমাদের বিজয় করেছে। এজন্য আমাদের জমা- খরচ দিয়ে রাজনীতি করতে হবে, বিষয়টি এ রকম নয়। আমি গত কয়েকদিন যাবত ভালোমতো খেয়াল করেছি, আমাদের কিছু ভাইয়েরা খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন, তারা অন্য কেউ নয়, তারা শিবচরের বিএনপি ভাইয়েরা।
কিন্তু আমি তাদের একটি কথা বলতে চাই আপনারা কি এটা মনে করছেন না, আমি হানজালা নির্বাচিত হবার পর আমার একটা নেত্রীবৃন্দও কারও সাথে খারাপ ব্যবহার করেনি, আমার একটা নেত্রীবৃন্দ হুমকি-ধামকি দেয় নাই! আমি হানজালা এমপি হওয়ার আগে আমার কতটুকু ক্ষমতা ছিল শিবচরের মাটিতে -তা আপনারা দেখেননি? তাহলে আপনারা কি মনে করছেন, আমি চুপ করে আছি?; না আমি শান্তি চাই। আমি শিবচরের প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করতে চাই। আমি শিবচরের প্রতিটি সদস্যকে নিয়ে কাজ করতে চাই। আমার চুপ করে থাকা মানে আমার কোনো দুর্বলতা নয়।
যদি মনে করেন হানজালার চুপ করে থাকা দুর্বলতা, তাহলে সেটা আপনাদের ভুল, আপনার চিন্তায় ভুল করেছে। হানজালা চুপ করে থাকা মানে হানজালা শিবচরের মাটিতে শান্তি চায়।’
ভিডিও বক্তব্য আরও শোনা যায়, ‘আমার এক প্রার্থী বক্তব্য দিয়েছেন যে বিএনপিকে খোঁচাখুঁচি করবেন না। আরে আমি হানজালা বিএনপিকে খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে।
আপনারা চিল্লাচিল্লি করবেন ক্লাবে-ক্ষেতে, হানজালা চিল্লাচিল্লি করবে বাংলাদেশের পালার্মেন্টে। তাহলে আমি শান্তি চাই। আমার চুপ করে থাকা মানে বার বার বলছি এটা কোনো দুর্বলতা নয়! আমি নতুনত্বের রাজনীতি চাই। আমি শিবচরে কোনো প্রতিহিংসা আধিপত্ব্যের রাজনীতি আগামীতে দেখতে চাই না। এজন্য বলছি আসুন ভালোবাসা দিয়ে কাজ করি, আসুন কাধে কাধ মিলিয়ে কাজ করি।’
এই সংসদ সদস্য তার ভিডিও বক্তব্যে আরও বলেন, ‘আমার জায়গায় যদি আজকে অন্য কেউ হতো, তাহলে আপনাদের বাড়িঘরে কাউকে থাকতে দিতো না। ঠিকমতো চলতে দিতো না, বাড়ি ঘর থেকে বের হতে দিতো না। আমি আপনাদের বাক-স্বাধীনতা দিয়েছি। আমার নামে লেখালেখি (সামাজিক মাধ্যমে) করবেন, আমি সেই স্বাধীনতা শিবচরের মানুষকে দিয়েছি। আগের এমপির বিরুদ্ধে এদেশের একজনও কেউ কলম ধরতে পারে নাই। আমি শিবচরের মানুষকে সেই বাক স্বাধীনতা দিয়েছি...!’
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, ‘আসলে শিবচরে আমি নির্বাচিত সংসদ সদস্য। আমার কোনো লোক এ পর্যন্ত কারও সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। এই সুযোগও আমি দেব না। সেখানে বিএনপির লোকজন আমার লোকজনকে হুমকি দেন। আমাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এরই পরিপ্রেক্ষিতে আমি একটা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কথাটা বলেছি। মূলত, বিএনপি বলতে শিবচর বিএনপিকে বুঝিয়েছি। অনেকে আমার বক্তব্য কেটে কেটে সামাজিক মাধ্যমে ছেড়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি শিবচরে কোনো অন্যায় রাজনীতি হতে দেব না। সাধারণ মানুষ যেন ভালো থাকে সেই চেষ্টাই করে যাব।’
তিনি আরও বলেন, বিএনপি নেত্রী একটি অনুষ্ঠানে তার বক্তব্যে আমাকে উদ্দেশ্য করে বলেছেন, আমি নাকি বিএনপি নিয়ে খোঁচাখুঁচি করি। তিনি বলেন,’বিএনপি নিয়ে খোঁচাখুঁচি করবেন না।’থথ আসলে ওই বক্তব্যের প্রতিবাদেই আমরা বক্তব্য দেওয়া। তবে এদেশে বিএনপি থাকতে পারবে না বলতে ‘দেশকে’ বুঝানো হয়নি। কথার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে।’
তবে এ বিষয়ে শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব মো.সোহেল রানা বলেন, শিবচরের বর্তমান এমপি এবং তার পরিবার ৫ আগস্টের আগে আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে ছিলেন। আসলে উনি যেটা চাচ্ছেন তা হলো শিবচরে উগ্রবাদী রাজনীতির উত্থান ঘটনো। শিবচরে যে শান্তিপূর্ণ ও শান্ত সামাজিক পরিবেশ রয়েছে তা উত্তপ্ত করার অভিপ্রায় হিসেবেই তিনি শিবচর বিএনপিকে নিয়ে এ মন্তব্য করেছেন বলে আমি মনে করি।
শান্তিপূর্ণভাবে এ বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদও শিবচর উপজেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে সাইদ উদ্দিন আহমাদ হানজালা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরীকে পরাজিত করে বিজয় হন। হানজালা হাজী শরিয়ত উল্লাহ (র.)-এর সপ্তম পুরুষ।
তথ্যসূত্র: বাংলানিউজ