ঈশ্বরদীতে ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
পাবনার ঈশ্বরদীতে মজুত করা ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ এবং ওজনে কম দেওয়ায় এক তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে প্রকাশ্যে রেশনিং ছাড়াই উন্মুক্তভাবে সব তেল বিক্রি করা হয়েছে। তবে জরিমানা ও তেল বিক্রির এ ঘটনার পরও ঈশ্বরদীতে পেট্রোলপাম্পে রেশনিং করে তেল বিক্রি করা হচ্ছে।
রোববারও (১৫ মার্চ) শহরের বিভিন্ন পেট্রোলপাম্পে মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনের লম্বা লাইনে তেল কিনতে দেখা গেছে। পাম্পে ২০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না বলে জানা গেছে। এর আগে শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মেসার্স করিম পেট্রোলিয়াম এজেন্সি’র মালিক মো. আব্দুল করিমকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান সরকার বলেন, তেল মজুত রাখা এবং বিক্রির সময় কম দওয়ার প্রমাণ পাওয়ায় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মজুতকৃত তেল তাৎক্ষণিকভাবে নির্ধারিত সরকারি দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল রোববার শহরের মুন পেট্রোলিয়াম ও ফিলিং ষ্টেশনে মোটর সাইকেল চালকদের লম্বা লাইনে তেল কিনতে দেখা যায় এক চালক আরিফ হোসেন বলেন, ২০০ টাকার বেশি পরিমান পেট্রোল কিংবা অকটেন দেওয়া হচ্ছে না। এদিকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান সরকার রোববার বলেন, এখন থেকে রেশনিং তুলে দেওয়া হয়েছে। তেলের কোন সংকট নেই। সবাই নিজেদের প্রয়োজন মত তেল নিতে পারবেন। তবে ভূক্তভোগরিা জানান, পেট্রোলপাম্পে এ নিয়ম মানা হচ্ছে না।