সোমবার, জুন ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানি ভাতা

শিবগঞ্জ প্রতিনিধি ১৫ মার্চ ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১৫ মার্চ ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানি ভাতা

চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথমবারের মতো মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা সরকারি মাসিক সম্মানি পেতে যাচ্ছেন। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগের আওতায় আসন্ন ইদুল ফিতরের আগেই তারা নির্ধারিত সম্মানি ও উৎসব ভাতা হাতে পাবেন।


জেলা ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, জেলার পাঁচ উপজেলায় মোট ৪৯টি মসজিদের ধর্মীয় নেতৃবৃন্দ এই সম্মানীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১৫টি, শিবগঞ্জ উপজেলায় ১৬টি, গোমস্তাপুর উপজেলায় ৯টি, নাচোল উপজেলায় ৫টি এবং ভোলাহাট উপজেলায় ৪টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা এই সুবিধা পাবেন। সংশ্লিষ্টরা ইদ উপলক্ষে বিশেষ বোনাসও পাবেন বলে জানা গেছে।


সরকারি পরিকল্পনা অনুযায়ী দায়িত্বের ধরন অনুযায়ী সম্মানীর পরিমাণ নির্ধারণ করা হয়েছে। মসজিদের ইমামরা মাসিক ৫ হাজার টাকা, মুয়াজ্জিনরা ৩ হাজার টাকা এবং খাদেমরা ২ হাজার টাকা করে সম্মানি পাবেন।


এছাড়াও এই কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন মন্দির ও গির্জার ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্দিরের পুরোহিতরা মাসিক ৫ হাজার টাকা, সেবায়েতরা ৩ হাজার টাকা এবং গির্জার যাজকরা ৫ হাজার টাকা ও সহকারী যাজকরা ৩ হাজার টাকা করে সম্মানি পাবেন।


জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, ধর্মীয় প্রতিষ্ঠানের সেবায় নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান এবং তাদের সামাজিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইদুল ফিতরের আগেই প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদের হাতে সম্মানি ও উৎসব ভাতা তুলে দেয়া হবে।


স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এই সিদ্ধান্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সেবায় নিয়োজিত ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে এবং তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে।