শনিবার, আগস্ট ২২, ২০২৬

সিরিজ জেতার পর র‍্যাঙ্কিংয়েও সুখবর পেল বাংলাদেশ

সোনার দেশ ডেস্ক ১৬ মার্চ ২০২৬ ০১:০৯ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ১৬ মার্চ ২০২৬ ০১:০৯ অপরাহ্ন
সিরিজ জেতার পর র‍্যাঙ্কিংয়েও সুখবর পেল বাংলাদেশ
২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

রোমাঞ্চকর লড়াই শেষে পাকিস্তানের বিপক্ষে ১১ রানের জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের আনন্দে ক্রিকেটার এবং ভক্তরা যখন একাকার, তখন সেই আনন্দের মাত্রা দ্বিগুণ করে দিল আইসিসি। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি করেছে বাংলাদেশ; ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে নয়ে উঠে এসেছে তারা।

র‍্যাঙ্কিংয়ের দশে থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামে বাংলাদেশ। সিরিজ জিতলে একধাপ উন্নতি হবে, সেটা জানাই ছিল। নিজেদের মাঠে শাহিন শাহ আফ্রিদির দলকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে নয়ে উঠে আসার সমীকরণ মিলিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। সবশেষ সিরিজ জিতে ৩ রেটিং পয়েন্ট পেয়েছে দলটি।

বাংলাদেশ নয়ে উঠে আসায় দশে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং পয়েন্ট ৭৭। পাকিস্তানের আগে গত অক্টোবরে নিজেদের মাঠে ক্যারিবীয়দের ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। এরপরও র‍্যাঙ্কিংয়ের দশেই ছিল তারা। পাকিস্তান সিরিজের আগে রেটিং পয়েন্টে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ছিল মাত্র ১। এবার ২ পয়েন্ট এগিয়ে গেল দলটি।

বাংলাদেশের কাছে সিরিজ হারলেও আগের মতো চারেই অবস্থান করছে পাকিস্তান। তবে ১০৫ থেকে কমে তাদের রেটিং পয়েন্ট এখন ১০২। প্রথম ম্যাচে ৮ উইকেটে হারের পর ১২৮ রানের জয়ে সিরিজে সমতা ফেরায় সফরকারী দল। কিন্তু শেষ ম্যাচে আর পেরে উঠেনি তারা।

র‍্যাঙ্কিংয়ে উন্নতি করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার দৌড়ে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছাড়াও র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপ খেলবে। আগামী বছরের ৩১ মার্চ তারিখে র‌্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলগুলো চূড়ান্ত হবে।

তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন