মানুষের কল্যাণে কাজ করে যাবো: জেলা পরিষদ প্রশাসক
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। দায়িত্ব গ্রহণের সময় তিনি বলেন, জেলা পরিষদের আওতাভুক্ত সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করে যাবো।
সোমবার (১৬ মার্চ) দুপুর একটায় জেলা পরিষদ কার্যালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা ও নির্বাহী কর্মকর্তা কায়সার হাবিবের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের আগে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা নগরীর শাহমখদুম (রহ.) দরগায় মাজার জিয়ারত করেন এবং সেখানে বিশেষ মোনাজাতে অংশ নেন।
বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা বলেন, বিএনপি চেয়ারপারসন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। কর্মদক্ষতা, ত্যাগ এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, জেলা পরিষদের উন্নয়ন ও জনগণের সেবায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এজন্য মন্ত্রী, সংসদ সদস্য, দলীয় নেতৃবৃন্দ এবং সর্বোপরি রাজশাহীবাসীর সহযোগিতা প্রয়োজন। পর্যায়ক্রমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, খাল খনন এবং মনিবাজার সংস্কার কাজ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী এস এম আল মতিন, সহকারী প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেন, উপসহকারী প্রকৌশলী আলেফ আলী, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালীউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট প্রমুখ।