নগরবাসীর সেবায় নিয়োজিত থাকবো: রাসিক প্রশাসক
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণ শেষে তিনি বলেন, যতটুকু সময় তিনি দায়িত্বে আছি নগরবাসীর সেবায় নিয়োজিত থাকবো।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নগরভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। নবনিযুক্ত রাসিক প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ।
নগর ভবনে নবনিযুক্ত রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এ সময় বিদায়ী প্রশাসককেও ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক নিযুক্ত করায় আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি যথাযথভাবে পালন করবো। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম বৃদ্ধি করা হবে।
তিনি বলেন, চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে নাগরিক ভোগান্তি দূর করা হবে। এছাড়া পরিকল্পনায় আছে নগরীকে ঢেলে সাজানোর। সময় পেলে আমি তা চেষ্টা করবো। কিন্তু সবার আগে ড্রেনেজ ব্যবস্থা ও মশা নিয়ন্ত্রণে কাজ করবো।
তিনি আরও বলেন, সিটি করপোরেশনকে একটি কার্যকর সিটি করপোরেশনে পরিণত করতে চাই। এ কাজে আমি নগরবাসী ও সিটি করপোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারিদের সহযোগিতা কামনা করছি।
এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ সভাপতি ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন, সাবেক আহ্বায়ক অ্যাড. এরশাদ আলী ঈশা, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ১২টায় হযরত শাহ মখদুম রূপোশের (রহঃ) মাজার জিয়ারত করেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাজশাহী সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর নবনিযুক্ত রাসিক প্রশাসক ১৫ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে যোগদান করেন। নবনিযুক্ত রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বর্তমানে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।