শনিবার, আগস্ট ২২, ২০২৬

অভিনেতা শামস সুমন আর নেই

নিজস্ব প্রতিবেদক ১৭ মার্চ ২০২৬ ০৯:৫৯ অপরাহ্ন বিনোদন
নিজস্ব প্রতিবেদক ১৭ মার্চ ২০২৬ ০৯:৫৯ অপরাহ্ন
অভিনেতা শামস সুমন আর নেই
শামস সুমন

রাজশাহীর নগরীর ঝাউতলা মোড় এলাকার ছেলে জনপ্রিয় চলচ্চিত্র, টিভি ও নাট্য অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন অভিনেতা। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।


তিনি গাজী টেলিভিশনের রাজশাহীর প্রতিনিধি রাশেদ রিপনের বড় ভাই। তার মৃত্যুতে সোনার দেশ পরিবারের পক্ষ থেকে শোক জানান হয়েছে। অন্যদিকে রাজশাহী লেখক পরিষদের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা অভিনেতা শামস সুমনের মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।


জানা গেছে, মঙ্গলবার বিকাল পাঁচটার পর থেকে এই অভিনেতা হঠাৎ অসুস্থবোধ করেন। পরে তাকে গ্রিন রোডের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।


অভিনয়শিল্পী সংঘ জানায়, বুধবার সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা এবং সন্ধ্যায় রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।


একসময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন। মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা ও বড় পর্দা দাপিয়ে বেড়িয়েছেন। কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে অনিয়মিত ছিলেন তিনি।


শামস সুমন সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ে অনিয়মিত হলেও রেডিও ভূমির স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি অভিনয়শিল্পী সংঘের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।


মঞ্চ, টেলিভিশন, বিজ্ঞাপন ও সিনেমায় বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে মন জয় করা শামস সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এর সদস্য ছিলেন।


অসংখ্য নাটকের পাশাপাশি তিনি অভিনয় করেছেন,মন জানে না মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২) প্রভৃতি সিনেমায়। অভিনয়ের জন্য শামস সুমন পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।