সোমবার, জুন ২২, ২০২৬

ঈশ্বরদীতে ইফতার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৩৫

ঈশ্বরদী প্রতিনিধি ১৭ মার্চ ২০২৬ ১০:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ১৭ মার্চ ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
ঈশ্বরদীতে ইফতার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৩৫

পাবনার ঈশ্বরদীতে ‘বিডি ক্রিয়েশন’ নামের একটি পাপোষ ও হস্তশিল্প কারখানায় ইফতারের খাবার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনশিদপুর এলাকার ওই প্রতিষ্ঠানে সোমবার সন্ধ্যায় ইফতারির কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে। অসুস্থ্য শ্রমিকদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। এদের মধ্যে ৩৫ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


বাকিদের চিকিৎসা প্রদানের পর বাসায় বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। অসুস্থ্য শ্রমিকদের মধ্যে অধিকাংশই নারী। অসুস্থ্য শ্রমিক জাহানারা খাতুনসহ আরো কয়েকজন জানান, সোমবার (১৬ মার্চ) ইফতার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই বমি, পেট ব্যথা ও মাথা ঘুরে কেউ কেউ সংজ্ঞা হারিয়ে পড়ে যান। সোমবার রাত ১০টা পর্যন্ত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ শ্রমিকদের মধ্যে ৩৫ জন চিকিৎসার জন্য ভর্তি হন। কারখানার কয়েকজন শ্রমিক জানান, ইফতারে দেওয়া ছোলা, মুড়ি ও আলুর চপ খাওয়ার পরপরই পেটে অসহনীয় ব্যথা, জ্বালা-যন্ত্রণা ও বমি শুরু হয়।


কারখানার শ্রমিকদের ভাষ্য, রমজান উপলক্ষে প্রতিদিনের মত সোমবার সন্ধ্যায় শ্রমিকদের জন্য ইফতারের আয়োজন করে কারখানা কর্তৃপক্ষ। এ ইফতার অনুষ্ঠানে প্রায় ৪০০ শ্রমিক অংশ নেন। ইফতারিতে ছিল ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ ও খাবার স্যালাইন। এসব খাবার খাওয়ার পরপরই শ্রমিকদের মধ্যে বমি, পেটে ব্যথা ও পাতলা পায়খানার উপসর্গ দেখা দেয়। অনেকে পেটে জ্বালা-যন্ত্রণা ও তীব্র শ্বাসকষ্ট অনুভব করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এই অবস্থায় দ্রুত তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও একে একে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।


ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত একাধিক চিকিৎসকরা জানান, অসুস্থ শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। অধিকাংশের অবস্থাই বর্তমানে স্থিতিশীল রয়েছে।


ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় কারখানার শ্রমিকরা আক্রান্ত হয়েছেন। তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আশা করা যাচ্ছে, তারা সুস্থ হয়ে উঠবেন।


ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান সরকার বলেন, বিষয়টি তদন্ত করতে গোয়েন্দা সংস্থা ও থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তবে তার আগে অসুস্থ শ্রমিকদের দ্রুত সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করে সুস্থ্য করে তুলতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্স ও সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনা পেয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সরেজমিন বিষয়টি তদারকি করে বিষয়টি খতিয়ে দেখছেন বলে গণমাধ্যম কর্মীদের জানান।


এ বিষয়ে বিডি ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা আহমেদ এ বিষয়ে বলেন, প্রতিদিনের মত সোমবার সন্ধ্যায়ও সব শ্রমিকদের জন্য ইফতারের আয়োজন ছিল, ইফতারের পরপরই তারা অসুস্থ হয়ে পড়ায় আমরাও উদ্বিগ্ন তবে এর কোন কারন জানাতে পারেননি তিনি।