মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

দেনা ছিলেন ৪০০ টাকা, ইটের আঘাতে গেল প্রাণ

সোনার দেশ ডেস্ক ১৮ মার্চ ২০২৬ ১২:৩২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৮ মার্চ ২০২৬ ১২:৩২ অপরাহ্ন
দেনা ছিলেন ৪০০ টাকা, ইটের আঘাতে গেল প্রাণ

খুলনার রূপসায় ৪০০ টাকার ধার নিয়ে বাগবিতণ্ডার সময় পাওনাদারের ইটের আঘাতে এক চা দোকানির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান।

নিহত দ্বীন মোহাম্মদ ঢালী (৫২) ওই এলাকার আবুল কাশেম ঢালীর ছেলে। ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তার একটি চায়ের দোকান রয়েছে। তার পরিবারে স্ত্রী ও চার মেয়ে রয়েছে।

ওসি বলেন, ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে দ্বীন মোহাম্মদকে ইট দিয়ে আঘাত করা হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেয়েছে।

নিহতের পরিবারের বরাতে ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, দ্বীন ইসলামের কাছে ৪০০ টাকা পেতেন একই ইউনিয়নের আবুল খায়ের লস্কর। বেশ কয়েকবার টাকা চেয়েও না পেয়ে মঙ্গলবার বিকালে পুনরায় টাকা চাইতে যান দ্বীন মোহাম্মদের চায়ের দোকানে।

এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও বাগবিণ্ডা হয়। এক পর্যায়ে আবুল খায়ের লস্কর ইট দিয়ে দ্বীন মোহাম্মদের মাথায় আঘাত করেন। এতে আহত দ্বীন মোহাম্মদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আবুল খায়ের পালিয়ে যান।

স্থানীয়রা দ্বীন মোহাম্মদকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে আবুল খায়ের পলাতক, তাকে গ্রেপ্তারেও অভিযান অব্যাহত আছে।

তথ্যসূত্র: বিডিনিউজ