সান্তাহারে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ
ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর ২টা ৫ মিনিটে বগুড়ার বাগমারার আদমদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, ‘নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত কারও মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় নিচে পড়ে অনেকে আহত হয়েছেন।’
বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে বলে জানান তিনি।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন