ইদের গহনার দোকানে নারী ও তরুণীদের ভিড়
দরজায় কড়া নাড়ছে পবিত্র ইদুল ফিতর। রাজশাহীর বিপণিবিতানগুলোতে পছন্দের জিনিস কিনতে মানুষের এখন প্রচণ্ড ভিড়। আর নতুন পোশাকের সঙ্গে মিল রেখে নারী ও তরুণীরা কিনছেন হালকা গহনা। এ ছাড়া ইদের পর অনেকে বিয়ের নিমন্ত্রণের জন্য জমকালো গহনা কিনে রাখছেন এখনই।
বিশেষ করে ট্রেন্ডি চুড়ি, নাকফুল, কানের দুল, ব্রেসলেট এবং হালকা গোল্ড প্লেটেড বিভিন্ন গহনার চাহিদা বেশি দেখা যাচ্ছে। নানা ডিজাইন ও রঙের এসব অলংকার সহজেই পাওয়া যাওয়ায় ইদের বাজারে সেগুলোকে ঘিরে তৈরি হয়েছে ভিন্ন এক আমেজ।
বুধবার (১৭ মার্চ) সাহেবাজার নিউ মার্কেট এলাকার বিভিন্ন দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, তরুণী ও গৃহিণীরা ভিড় করছেন অলংকার, ব্যাগ, জুতার দোকানগুলোতে। ইদের পোশাকের সঙ্গে মিলিয়ে অনেকে কিনছেন সিটি গোল্ডের চুড়ি, আংটি, ব্রেসলেট ও চেইন। আবার অনেকেই বেছে নিচ্ছেন কানের দুল, হিজাব পিন, পেনডেন্ট সেট বিয়ের জন্য বিভিন্ন ধরনের গোল্ড প্লেটেড গহনা। ছোট ছোট এসব গহনা কম দামে পাওয়া যাওয়ায় ক্রেতাদের আগ্রহও বেশি।
দোকানিরা জানান, এবার ইদ উপলক্ষে বিশেষ করে গোল্ড প্লেটেড গহনার বিক্রি বেড়েছে। এসব গহনার দাম তুলনামূলক কম হওয়ায় অনেকেই একসঙ্গে কয়েকটি আইটেম কিনছেন। দোকানগুলোতে সিটি গোল্ডের চুড়ি মান ও ডিজাইনভেদে ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। নাকফুল ৮০ থেকে ৪০০ টাকা, হিজাব পিন ৫০ থেকে ২০০ টাকা, ব্রেসলেট ২০০ থেকে ৮০০ টাকা এবং চেইন ৩০০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এ ছাড়া ছোট পেনডেন্ট সেটের দাম পড়ছে ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে।
গহনার পাশাপাশি প্রসাধন সামগ্রী, ব্যাগ, ঘরের টুকিটাকি জিনিপত্রের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদে সাজগোজের জন্য অনেকেই কিনছেন লিপস্টিক, ফাউন্ডেশন, আইলাইনার, মাসকারা, নেইলপলিশ ও ব্লাশন। রান্নার কাজে ব্যবহার করা চামচ, খুনতিসহ বিভিন্ন পণ্যও কেনেন অনেকে। অন্যদিকে, ঘর সাজানোর জন্য বালিশের কভার, পাপোশ, চাদরও কিনতে দেখা যায় অনেককে।
আবিদা সুলতানা নামের এক ক্রেতা জানান, নিজেদের জন্য বেশ কেনাকাটা করা হয়েছে, এখন ঘর সাজানোর জন্য নতুন চাদর, পাপোস কিনলাম। ইদের মধ্যে নিজেরা যখন নতুন পোশাক পরব, তখন আর এসব পুরান জিনিস দেখতে ভালো লাগবে না।
সাহেববাজারে গহনা কিনতে আসা আফরিন জাহান নামের এক গৃহিণী জানান, ইদে নতুন পোশাকের সঙ্গে মানানসই কিছু অলংকার কিনতে আসলাম। বর্তমানে সোনার গহনা কেনা আমাদের মতো মধ্যবিত্তের পক্ষে সম্ভব না হওয়ায় সিটি গোল্ড বা গোল্ড প্লেটেড গহনা কিনছি এবং এগুলো এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
সাহেববাজারের এক দোকানি বলেন, ইদ যত ঘনিয়ে আসছে ততই ক্রেতার সংখ্যা বাড়ছে, সেই সঙ্গে আমাদেরও ব্যস্ততা বাড়ছে। বিশেষ করে তরুণীরা কম দামের কিন্তু আকর্ষণীয় ডিজাইনের গহনা বেশি কিনছেন। ইদের চাঁদরাত পর্যন্ত বিক্রি আরও বাড়বে বলে আশা এই বিক্রেতার।
আরেক বিক্রেতা শামীম হোসেন জানান, হিজাব পিন, চুড়ি, নাকফুল, কানের দুল কেউ যদি পরিমাণে বেশি নেয় তবে দাম কিছুটা কমিয়ে রাখা হয়। এখানে হিজাব পিন মানভেদে ৫০-১৫০ টাকা, চুড়ির ডজন ১৫০-৩০০ টাকা, নাকফুল ৫০-৮০ টাকা এবং কানের দুল ১০০-২০০ টাকা। ডিজাইন ও মানভেদে নানা দামে এসব জিনিস পাওয়া যাচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালরে শিক্ষার্থী ঈশিতা পারভীন বলেন, ক্যাম্পাস ছুটি হয়েছে আগেই তবে টিউশনির জন্য থাকা লাগছে। শপিং কিছু করে রেখেছিলাম। কাল সকালে রওনা দিব, তাই পরিবারের অনেকের জন্য টুকটাক কেনাকাটা করছি। বাড়ি গিয়ে এসব গিফট দিয়ে তাদের আনন্দ দেখতে চাই।