তারেক রহমানের উপহার পাওয়া থেকে কেউ বঞ্চিত হবে না: এমপি রেজু
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার পাওয়া থেকে কেউই বঞ্চিত হবেন না। আঙ্গুল থেকে ভোটের কালি না মুছতেই প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার অনুসারে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করেছেন। আর আমরা তারেক রহমানের সৈনিক হিসেবে প্রতিটি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে বিনির্মাণ করার যুদ্ধ শুরু করেছি। এই যুদ্ধে সমাজের সকল শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন।
বুধবার (১৮ মার্চ) দুপুরে নওগাঁর রাণীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে দুঃস্থ ও গরীব জনগণের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ, শাড়ি, থ্রি-পিস ও হাজী রুমাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথাগুলো বলেন।
তিনি বলেন, আসন্ন ইদে ধর্ম-বর্ণ নির্বিশেষে যেন প্রতিটি অসহায়, গরীব ও দুঃস্থ মানুষরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে ইদের আনন্দ উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে দেশব্যাপী প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ইদের উপহার হিসেবে নগদ অর্থ, শাড়ি, থ্রি-পিস ও হাজী রুমাল প্রদান করেছেন। সেই উপহারগুলো প্রত্যন্ত অঞ্চলের প্রকৃত সুবিধাভোগীদের মাঝে পৌছে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর এই উপহারের অর্থ দিয়ে অসহায় ও গরীব মানুষরা প্রয়োজনীয় ইদ সামগ্রী কিনে পরিবার নিয়ে ইদের আনন্দ উপভোগ করবেন। আগামীতেও প্রধানমন্ত্রী উপহার পাওয়া থেকে বাংলাদেশের কোন মানুষই বঞ্চিত হবেন না ইনশাল্লাহ। শুধু মাত্র আপনারা সবাই মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের জন্য দোয়া ও আর্শিবাদ করবেন।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।