সোমবার, জুন ২২, ২০২৬

তানোরে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ক্ষতি কোটি টাকার

তানোর প্রতিনিধি ২১ মার্চ ২০২৬ ০৮:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
তানোর প্রতিনিধি ২১ মার্চ ২০২৬ ০৮:২৪ অপরাহ্ন
তানোরে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ক্ষতি কোটি টাকার

রাজশাহীর তানোর উপজেলার বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এই প্রতিষ্ঠানের নাম বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্ক। এতে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।  


শনিবার (২১ মার্চ) সকাল ১০ দিকে তানোর গোল্লাপাড়া বাজারের একটি ভবনে এই হামলার ঘটনা ঘটে। এই প্রতিষ্ঠানটি রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের। ঘটনার পর থেকে তানোর, নাচোল, মান্দা, গোদাগাড়ী ও মোহনপুরে ডিশ লাইন বন্ধ আছে।  

 

স্থানীয়রা হামলায় অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে। তবে রাত আটটা পর্যন্ত মামলা হয়নি। হামলায় অভিযুক্তের নাম হাসান (২৫)। সে কুঠিপাড়া এলাকার বাসিন্দা। জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে স্থানীয়রা। 


মিজানুর রহমান মিজান বলেন, ইদের ছুটির কারণে অফিস বন্ধ ছিল। প্রধান গেটের তালা ভেঙে সন্ত্রাসীরা ভিতরে প্রবেশ করে কন্ট্রোল রুমসহ পুরো অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। এতে প্রায় কোটি টাকার মেশিন ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সম্পূর্ণ নষ্ট করে ফেলা হয়েছে। পুরো অফিসটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কন্ট্রোল রুমের সবকিছু ভাঙচুর করার কারণে বর্তমানে আমাদের ডিস/ক্যাবল লাইন সম্পূর্ণ বন্ধ রয়েছে। 


তিনি বলেন, এটি সম্পূর্ণ পরিকল্পিত ধ্বংসাত্মক হামলা। এই ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসী ও ইন্ধনদাতাদের দ্রুত শনাক্ত করতে হবে। কেউ ঈর্শান্বিত হয়ে আমার প্রতিষ্ঠান হামলা করেছে। প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি করছি। 


তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ঈদের দিনে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটা পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। অভিযুক্ত একজনের নামও বলেছে। মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে অভিযুক্তকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।