সোমবার, জুন ২২, ২০২৬

বাঘায় প্রথমদিন থেকেই ঐতিহাসিক ইদমেলা জমে উঠেছে

আমানুল হক আমান, বাঘা ২২ মার্চ ২০২৬ ১২:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আমানুল হক আমান, বাঘা ২২ মার্চ ২০২৬ ১২:০৮ অপরাহ্ন
বাঘায় প্রথমদিন থেকেই ঐতিহাসিক ইদমেলা জমে উঠেছে

বাঘায় প্রথমদিন থেকেই ঐতিহাসিক ইদমেলা জমে উঠেছে। এবারে দুই সপ্তাহের জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় মেলা আয়োজনের ইজারা দেয়া হয়েছে। ৫০০ বছর এই মেলার আয়োজন চলে আসছে। মেলা শুরু হয়েছে ইদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) থেকে। মেলা বসেছে বাঘা শাহদৌলা কলেজ মাঠ, মডেল হাইস্কুল মাঠ, ইদগা মাঠ, মাজার চত্বরে মেলা দেখা ও আনন্দ উপাভোগ করার জন্য দেশের দূর-দূরান্ত থেকে হাজার হাজার নারী পুরুষ আসছেন।


ইদের আনন্দ উপভোগ করার জন্য ইদের দিন থেকে মেলায় মানুষের ঢল নামে। ইদের নামাজ শেষে হাজার হাজার মানুষ বিভিন্ন এলাকা থেকে এই মেলায় আসতে শুরু করেছে।


মেলায় ব্যবসায়ীরা পসরা নিয়ে বসেছে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে সার্কাস, যাত্রা, নাগর দোলা, মোটরসাইকেল, কারগাড়ি ঘোরানো খেলা।


এটি মুসলিম সম্প্রদায়ের উৎসব হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে সব স্তরের মানুষ আসে এই মেলায়। মেলায় পাওয়া যাচ্ছে সব ধরনে মিষ্টি, বাচ্চাদের খেলনা, মনোহারি সামগ্রী, লোহাজাত দ্রব্য, কাঠের আলনা, চেয়ার, টেবিল, খাট, ড্রেসিং টেবিল, পালঙ্ক, শোকেচ, মাটির হাড়ি পাতিল, প্রসাধনী সামগ্রী, বেকারি দ্রব্যাদি, শামুকের মালা, কাঠের সামগ্রী, বেলুন, বাঁশি। এ ছাড়া রয়েছে ছবির দোকান, খাবার হোটেল, সদর ঘাটের পান, চা স্টল প্রভৃতি।


মেলার আয়োজকরা জানান, মহৎ এক পুরুষ আব্বাসী। তার বংশের হযরত শাহ মোয়াজ্জেম ওরপে শাহদৌলা (র.) ও ছেলে হযরত আ. হামিদ দানিশ মন্দের (র.) ওরশকে কেন্দ্র করে ইদের দিন থেকে বাঘা ওয়াকফ এস্টেটের বিশাল এলাকাজুড়ে শুরু হয় মেলা। ইদের তৃতীয় দিন ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। এই দিনে জোহর নামাজের পর তবারক বিতরণ করা হয়।


রাজশাহী বিভাগীয় শহর থেকে প্রায় ৪৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণ কোনে বাঘায় হযরত শাহদৌলা (র.) ও ছেলে হযরত আ. হামিদ দানিশ মন্দ (র.) সাধনার পীঠস্থান। বাঘা শাহী মসজিদের ভিতরে প্রবেশ পথের উত্তর গেটের বাম দিকে হযরত শাহদৌলা (র.) রওজা শরীফ অবস্থিত।


৫০০ বছর আগে বাগদাদ থেকে ৫ জন সঙ্গীসহ ইসলাম প্রচারের জন্য পূর্ব-দক্ষিণ কোনে পদ্মা নদীর কাছে বাঘা নামক স্থানে বসবাস শুরু করেন। তারপর নিজের চরিত্র, মাধুর্য্য, ব্যবহার ও আত্মিক শক্তির বলে এই এলাকার জনগণের মধ্যে ইসলাম প্রচারে আকৃষ্ট করেন তিনি।


এই এলাকার মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে তার আত্মিক ক্ষমতার প্রভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার স্মরণে ৫০০ বছর যাবত চলছে ইদ মেলা।


এ বিষয়ে বাঘা জাদুঘরের সহকারি কাস্টোডিয়ান দবির হোসেন বলেন, রাজশাহী শহর থেকে ৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ কোণে বাঘায় হযরত শাহদৌলা (রঃ) ও ছেলে হযরত আ. হামিদ দানিশ মন্দ (র.) সাধনার পীঠস্থান। বাঘা শাহী মসজিদের ভিতরে প্রবেশ পথের উত্তর গেটের বামদিকে হযরত শাহদৌলা (র.) রওজা শরীফ অবস্থিত।


মেলা কমিটির সহ-সভাপতি ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, সুষ্ঠু সুন্দর পরিবেশে মেলার আয়োজন করা হয়েছে। যাতে কোনো অপ্রীতিকর না ঘটে, সে জন্য পুলিশ বাহিনী সতর্ক রয়েছেন।


উল্লেখ্য, ৫০০ বছরের ঐতিহাসিক ঈদ মেলা ১০ লক্ষ টাকার জামানত সাপেক্ষে ইজারায় অংশ নেয় অত্র এলাকার ৭৬ জন ব্যবসায়ী। এরমধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৫ শর্তে দুই সপ্তাহের জন্য এরমধ্যে সর্বোচ্চ ১২ লক্ষ ৭০ টাকায় মেলার ইজারা পেয়েছেন বাঘা উপজেলা যুবদলের সদস্য সচিব শফিউর রহমান শফি।