সোমবার, জুন ২২, ২০২৬

পার্বতীপুরে ১৪০ টাকায় তেল বিক্রি, প্রতিবাদে নামতেই সাংবাদিকের ফোন ছিনতাইয়ের চেষ্টা

দিনাজপুর প্রতিনিধি: ২২ মার্চ ২০২৬ ১২:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দিনাজপুর প্রতিনিধি: ২২ মার্চ ২০২৬ ১২:১২ অপরাহ্ন
পার্বতীপুরে ১৪০ টাকায় তেল বিক্রি, প্রতিবাদে নামতেই সাংবাদিকের ফোন ছিনতাইয়ের চেষ্টা

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া বৈগ্রাম বাজারে প্রকাশ্যে চলছে জ্বালানি তেলের লাগামহীন দৌরাত্ম্য। সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে মেসার্স নীরব ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গোলাম মোস্তফা প্রকাশ্যেই প্রতি লিটার পেট্রোল ও অকটেন ১৪০ টাকা দরে বিক্রি করছেন—এমন অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই অতিরিক্ত দামে তেল বিক্রি হলেও প্রশাসনের চোখের সামনে সবকিছু ঘটলেও কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে করে অসাধু ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।


ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এক সাংবাদিকের ওপর হামলার চেষ্টা চালায় অভিযুক্তদের লোকজন। শুধু তাই নয়, তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।


আরও চাঞ্চল্যকর বিষয় হলো—ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় বিস্ফোরক লাইসেন্স দেখাতে বলা হলে সংশ্লিষ্টরা তা দেখাতে ব্যর্থ হন। ফলে পুরো ব্যবসার বৈধতা নিয়েই বড় ধরনের প্রশ্ন উঠেছে।


এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একইভাবে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাও রহস্যজনকভাবে নীরব রয়েছেন।


স্থানীয় সচেতন মহলের প্রশ্ন- “সবকিছু চোখের সামনে ঘটছে, তবুও প্রশাসন কেন নীরব?”


তাদের দাবি, দ্রুত অভিযান চালিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।