সোমবার, জুন ২২, ২০২৬

ইদের পরদিন নয় জেলায় সড়কে প্রাণ গেল ২৭ জনের

সোনার দেশ ডেস্ক ২২ মার্চ ২০২৬ ০৯:২১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২২ মার্চ ২০২৬ ০৯:২১ অপরাহ্ন
ইদের পরদিন নয় জেলায় সড়কে প্রাণ গেল ২৭ জনের
কুমিল্লার জাঙ্গালিয়া কচুয়া এলাকায় চট্টগ্রাম মেইল ট্রেন বাসটিকে ধাক্কা দেয়

ইদের দ্বিতীয় দিনে দেশের ৯ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন, ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন, হবিগঞ্জে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন, নাটোরে গাছের সাথে কারের ধাক্কায় একজন, সুনামগঞ্জে নতুন মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুই বন্ধু, কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে এক স্কুলছাত্র, কিশোরগঞ্জে মোটরসাইকেলের দুই আরোহী, টেকনাফে এক মোটরসাইকেল আরোহী এবং নওগাঁয় ভটভটি উল্টে এক কিশোরের মুত্যু হয়েছে।


কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা, ১২ জন নিহত

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুই শিশু রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।


কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।


শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেইল ট্রেন। এই ধাক্কায় বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। 


ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নেয়। এছাড়াও ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব এ উদ্ধার অভিযানে অংশ নেয়। সকাল ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা ঘোষণা করেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। দুর্ঘটনার সঠিক কারণ বের করতে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 


হবিগঞ্জে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ৪

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। 


তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। 


রোববার (২২ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ। 


তিনি জানান, পিকআপ ভ্যানটি পাশে থাকা পুকুরে পড়ে আছে। এতে বাসাবাড়ির মালামাল ছিল। চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা পিকআপ ভ্যানের চালক ও যাত্রী। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সিলেটের দিকে যাচ্ছিল নাকি সিলেট থেকে ফিরছিল তা বোঝা যাচ্ছে না। 


ফেনীতে প্রাণ হারালেন ৩ জন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।


মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এমতাবস্থায় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। 


এ ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার, ও একজন যাত্রী নিহত হন।


নাটোরে কার চালক  নিহত

নাটোরে সড়ক দুর্ঘটনায় এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার গড়মাটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্খলেই কার চালক জুলফিকার আলী নিহত হয়। 


এসময় প্রাইভেটকারটি দুমড়েমুছরে যায়। নিহত জুলফিকার পাবনা ইশ্বরদীর নওদাপাড়া এলাকার আনছার হকের ছেলে।


নতুন মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে ২ বন্ধুর মৃত্যু

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ইদের ছুটিতে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও এক বন্ধু।


নিহতরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুর্তাখাই গ্রামের শফিকুল ইসলাম (৩০) ও সাইদুল ইসলাম (৩০)। আহত গুলজার আহমদকে (২৯) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম ঈদের এক সপ্তাহ আগে একটি নতুন মোটরসাইকেল কেনেন। সেই মোটরসাইকেলে করে দুপুরে দুই বন্ধুকে নিয়ে তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র শিমুল বাগানে বেড়াতে যাচ্ছিলেন। সুনামগঞ্জ-দিরাই সড়কের গাগলী এলাকায় যাওয়ার পর তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং তিন জনই গুরুতর আহত হন।


স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে আহত সাইদুল ইসলামকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।


সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেন বলেন, ‘তিন জনের মধ্যে একজন হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। অন্য দুজনের মধ্যে একজনকে সিলেটে পাঠানো হয়। আরেকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’


বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার (২২ মার্চ) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নয়ন শেখ জেলার খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের মির্জাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ও পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লুৎফর ইটভাটা এলাকায় সড়কের ধারে কিছু তালগাছ রয়েছে। সেখানে নয়ন, তার বন্ধু রাব্বিসহ কয়েকজন মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায়।


ফেরার পথে নয়নের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় নয়ন। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।


মুঠোফোনে নয়নের বন্ধু মো. রাব্বি বলে, “বন্ধুরা মিলে মহাসড়কের তালবাগান এলাকায় ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে নয়নের মোটরসাইকেল এক্সিডেন্ট করে। গাড়িতে ও একাই ছিল। আমি আরেক মোটরসাইকেলে ছিলাম।”


কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, “বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হাইওয়ে পুলিশ এ ঘটনায় ব্যবস্থা গ্রহণ করবে।”


কিশোরগঞ্জে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার (২২ মার্চ) বিকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- দরিয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও তার বন্ধু জাবির হোসেন (১৮)। হাইওয়ে পুলিশ জানায়, কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের দারিয়াকান্দি এলাকায় একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিন যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগিবোঝাই করা একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বিজয় ও জাবির।


টেকনাফে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ সড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। এক মাস পর বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। এমন মৃত্যুতে তার পরিবারে শোক নেমেছে। রোববার বিকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ হারিয়াখালী সড়কে পর্যটকবাহী একটি গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আনিস (৩০) টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার বকসুর ছেলে।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।’


নওগাঁয় ভটভটি উল্টে কিশোরের মুত্যু

নওগাঁর রাণীনগরে ইদের দিন বন্ধুদের সঙ্গে বেরিয়ে ভটভটি উল্টে পুকুরে পড়ে এক কিশোর মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন। শনিবার রাত পৌনে ৯টার দিকে ভাটকৈ-দেউলা রাস্তার ভাটকৈ খগেনের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত মো. হৃদয় (১২) রানীনগর উপজেলার আমিরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) বাবলু পাল।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন, রাইজিংবিডি