থাইল্যান্ডে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশের আর্চাররা
থাইল্যান্ডে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের আর্চাররা।
মঙ্গলবার (২৪ মার্চ) অস্ট্রেলিয়ার তিন আর্চারকে হারিয়েছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা ও মোসা. কুলসুম আক্তার মনি।
কম্পাউন্ড মহিলা এককে এলিমিনেশন রাউন্ডের ১/২৪ ধাপে মনি ও বন্যা আক্তার বাই পেয়ে সরাসরি ১/১৬-এ ওঠেন। অপরদিকে জোমা আক্তার ১৩৫-১৩৭ ব্যবধানে হংকংয়ের প্রতিপক্ষের কাছে হেরে যান। ১/১৬ ধাপে মনি ১৪৬-১৪১ ব্যবধানে অস্ট্রেলিয়ার রেন্ডেল এলিজাবেথকে হারিয়ে শেষ ১৬ থেকে কোয়ার্টার ফাইনালে (১/৮) ওঠেন। তবে বন্যা ১৪৫-১৪৬ ব্যবধানে ভারতের সালভে তেজাল রাজেন্দ্রর কাছে হেরে বিদায় নেন।
রিকার্ভ পুরুষ এককে ১/২৪ ধাপে রাকিব বাই পেয়ে ১/১৬-এ ওঠেন। রামকৃষ্ণ ৬-২ সেটে থাইল্যান্ডের প্রতিপক্ষকে এবং আলিফ ৬-০ সেটে হংকংয়ের প্রতিপক্ষকে হারিয়ে একই ধাপে জায়গা করে নেন।
১/১৬ ধাপে বাংলাদেশের তিন আর্চারই দারুণ পারফরম্যান্স দেখান। রাকিব ৬-০ সেটে স্লোভেনিয়ার দেজান ফ্যাবচিককে হারান। রামকৃষ্ণ ৬-২ সেটে অস্ট্রেলিয়ার জ্যাকশন ক্রিস্টোফারকে হারান। আর আলিফ ৭-১ সেটে অস্ট্রেলিয়ার তিয়াক রিয়ানকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন।
দলগত ইভেন্টে বাংলাদেশ কম্পাউন্ড মহিলা দল (বন্যা, কুলসুম ও জোমা) ২১৬০-এর মধ্যে ২০৪৬ স্কোর করে পঞ্চম হয়। আর রিকার্ভ পুরুষ দল (রাকিব, আলিফ ও রামকৃষ্ণ) ১৯৫৯ স্কোর করে ষষ্ঠ স্থান অর্জন করে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন