বাউয়েট ক্যাম্পাসে গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (২৫ মার্চ) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহবান জানান।
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক মোঃ হামিদুর রহমান-এর সঞ্চালনায় সকালে বিশ্ববিদ্যালয় প্লাজায় গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ) গণহত্যা দিবসের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন এবং বীর মুক্তিযোদ্ধা সরদার মোঃ বয়েত রেজা নাটোরের বিভিন্ন স্থানে সংঘটিত মুক্তিযুদ্ধ ও গণহত্যার স্মৃতিচারণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, শিক্ষকমন্ডলি, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়া মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী প্রচার, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর শহিদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং ক্যাম্পাসে রাত সাড়ে দশটায় ১ মিনিটের জন্য বৈদ্যুতিক আলো নিভিয়ে প্রতিকী “ব্ল্যাক আউট” পালন করা হয়।