যশোরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা অর্ধশতাধিক যাত্রীর
যশোর সদরে যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী দ্রুত নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মালামালসহ বাসটি ছাই হয়েছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে থেকে যশোর-ঢাকা মহাসড়কে উপজেলার ফতেপুর দাইতলা সেতুর কাছে এ ঘটনা ঘটে। ‘নড়াইল এক্সপ্রেসের’ বাসটি যশোর শহর থেকে ঢাকায় যাচ্ছিল।
খবর পেয়ে যশোর ও বাঘারপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় বলে জানান যশোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুজিবুর রহমান।
বাসযাত্রী হোসাইন বলছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর আগেই পুরো বাসটি পুড়ে যায়।
দাইতলা এলাকার লোকজন জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে মহাসড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে বিপুল যানবাহন দাঁড়িয়ে যায়। প্রায় দুই ঘণ্টা সড়কটিতে যানজট ছিল।
ওই বাসের যাত্রী সুকান্ত বলেন, ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের বাসটি শহরের মণিহার কাউন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। কিছুদূর যাওয়ার পর ফতেপুর দাইতলা এলাকায় ইঞ্জিনে আগুন ধরে গেলে চালক দ্রুত বাসটি থামিয়ে দেন। এ সময় যাত্রীরা তড়িঘড়ি নেমে পড়েন।
সব যাত্রী বাস থেকে নিরাপদে নামতে পেরেছেন, তবে সবার মালামাল আগুনে পুড়ে গেছে বলে জানান তিনি।
যশোর কোতোয়ালি থানার ওসি মাসুদ খান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
ইঞ্জিন থেকে বাসটিতে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুজিবুর রহমান।
তথ্যসূত্র: বিডিনিউজ