গোমস্তাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, প্রতীকী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ, মসজিদ, মন্দির, গীর্জা সহ অন্যান্য উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা, এতিমখানা ও হাসপাতালে সুবিধা সময়ে উন্নত মানের খাবার পরিবেশন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।