মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

গোদাগাড়ীতে ওরাওঁ জনজাতির ঐতিহ্যবাহী সারহুল উৎসব পালিত

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ মার্চ ২০২৬ ১০:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ মার্চ ২০২৬ ১০:২৫ অপরাহ্ন
গোদাগাড়ীতে ওরাওঁ জনজাতির ঐতিহ্যবাহী সারহুল উৎসব পালিত

‘হামনিকের সংস্কৃতি হামনিকের পরিচয়’-এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৭ মার্চ) দিনব্যাপী সিসিবিভিও’র সহায়তায় এবং ফার্সাপাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন ও বাংলাদেশ ওরাওঁ কালচার ফোরাম এর আয়োজনে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ফার্সাপাড়া গ্রামে ওরাওঁ জনজাতির ঐতিহ্যবাহী সারহুল উৎসব পালিত হল। 


সারহুল মূলত উরাও জনজাতির বর্ষবরণ উৎসব, এই উৎসবে গ্রামবাসীরা পূজা করেন এবং এই দিনে চাষ করা নিষিদ্ধ। এই উৎসবের এক দিন আগে গ্রামবাসীরা উপবাস করেন। তরুণ-তরুণীরা পাশের বন থেকে শাল ফুল সংগ্রহ, কাঁকড়া ও মাছ ধরে থাকেন। উৎসব উপলক্ষ্যে গ্রামবাসী ঢোল, নাগারা ও মাদল বাজাতে বাজাতে অর্চনা করেন ও শাল গাছের পূজা করেন।


শালাই বা শাল গাছের ফুলকে দেবতাদের নিবেদন করা হয়। গ্রামের পুরোহিত-পূজারীরা বর্ষবরণের এই উপলক্ষ্যে গ্রামের সৌভাগ্যের জন্য শাল ফুল, ফল, সিঁদুর, তিনটি মোরগ এবং তপন (মদ) গ্রাম দেবতাকে বলি দেন। জলের পাত্র রেখে এবং পরের দিন পরের বছরের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া দেন। গ্রামবাসীদের মধ্যে শাল গাছের ফুল বিতরণ করা হয়। গ্রামবাসী তাদের বাড়িতে তাদের পূর্বপুরুষদের আত্মার পূজা করেন এবং তাদের বিভিন্ন খাবার দেন।


তাদের পূর্বপুরুষদের আত্মাকে খাবার নিবেদন করার পরই তারা খাবার খান। তারপর গান, ঢোল, নাগারা ও মান্দার তালে গ্রামবাসীরা উৎসবে মেতে উঠেন। এছাড়াও তারা ভাত থেকে তৈরি বোথা বা হাড়িয়াও পান করেন। 


সারহুল উৎসবটি পাশ্ববর্তী ভারতে ওরাওঁ’রা জাকমকপূর্ণভাবে পালন করলেও বাংলাদেশে এই বর্ষবরণ উৎসবটি প্রায় হারিয়ে গিয়েছিল। ২০২৪ সালে সিসিবিভি’ও সহায়তায় বাংলাদেশ ওরাওঁ কালচার ফোরাম নওগাঁ জেলায় প্রথম পালন করে এবং তার ধারাবাহিকতায় সংগঠনটির উদ্যোগে উৎসবটি এই বছর গোদাগাড়ীতে উপজেলায় পালিত হচ্ছে।


উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ওরাওঁ কালচারাল ফোরামের সভাপতি রনি কান্ত তির্কী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্ষাগোলা মডেলের গবেষক ও সিসিবিভিওর নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল স্বপন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতা মহৎ এক্কা।


এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সিসিবিভিও’র সভাপতি প্রফেসর আবদুস সালাম, কারিতাস-রাজশাহীর আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, ফার্সাপাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের মোড়ল সরল এক্কা, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, বাংলাদেশ ওরাওঁ কালচার ফোরামের কেন্দ্রীয় নেতা কাঞ্চন সিং ওরাওঁ, বাংলাদেশ ওরাওঁ কালচার ফোরামের উপদেষ্টা নিশি কান্ত তির্কী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এড. প্রভাত টুডু এবং ০৩ নং দেওপড়া ইউপি সদস্য প্রদীপ এক্কা।