সোমবার, জুন ২২, ২০২৬

নেপালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার

সোনার দেশ ডেস্ক ২৮ মার্চ ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৮ মার্চ ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন
নেপালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার

নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) নেতা বালেন্দ্র শাহর শপথ নেওয়ার একদিন পরই তাকে গ্রেপ্তার করা হলো।

শনিবার (২৮ মার্চ) সকালে নিজ বাসভবন থেকে কেপি শর্মা গ্রেপ্তার করা হয়। গত সেপ্টেম্বরে জেন-জির নেতৃত্বে হওয়া বিক্ষোভে বহু মানুষের মৃত্যুর ঘটনায় তার দায় আছে কি না সেটি তদন্ত করছে পুলিশ।

গত ৮ ও ৯ সেপ্টেম্বর দুর্নীতিবিরোধী তরুণদের আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হন। স্বল্প সময়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ থেকে আন্দোলনের সূচনা হলেও তা দীর্ঘদিনের অর্থনৈতিক দুর্দশা নিয়ে জমে থাকা ক্ষোভকে উস্কে দেয়। বিক্ষোভের প্রথম দিনেই দমন অভিযানে অন্তত ১৯ জন তরুণ নিহত হন। দ্রুতই বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে এবং সংসদ ও সরকারি দপ্তরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যার ফলে শেষ পর্যন্ত সরকারের পতন ঘটে।

ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপালের জ্যেষ্ঠ নেতা মিন বাহাদুর শাহী বলেন, আজ সকালে নিজ বাসভবন থেকে তাকে (কেপি শর্মা) নিয়ে যাওয়া হয়েছে।

জেন-জি আন্দোলনের অন্যতম নেতা দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং ইনস্টাগ্রামে লিখেছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয় এটি কারো বিরুদ্ধে প্রতিশোধ নয়, ন্যায়বিচারের সূচনা মাত্র। আমি বিশ্বাস করি, এখন দেশ নতুন পথে এগোবে।

তথ্যসূত্র: রাইজিংবিডি