জননিরাপত্তায় স্বাধীন ও শক্তিশালী পুলিশ বাহিনী গঠনে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
জননিরাপত্তা নিশ্চিত করতে একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ বাহিনী গঠনে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, এমপি। শনিবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদাতে (রাজশাহী) আয়োজিত ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি দক্ষ, পেশাদার এবং জনবান্ধব পুলিশ বাহিনী অপরিহার্য। তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণের আস্থা অর্জনই হবে তাদের প্রধান দায়িত্ব। আইন প্রয়োগের পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার পুলিশ বাহিনীকে যুগোপযোগী করতে নানা ধরনের প্রশিক্ষণ, প্রযুক্তি সংযোজন এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে। একটি স্বাধীন পুলিশ বাহিনী গড়ে তুলতে নীতিগত ও প্রশাসনিক সংস্কারও চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কুচকাওয়াজ সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বে সন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এই নতুন কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি তাদের সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভুমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের এমপি মিজানুর রহমান মিনু, রাজশাহী-৬ আসনের এমপি আবু সাইদ চাঁদ, আইজিপি মো: আলী হোসেন ফকির, পুলিশ একাডেমী সারদার অ্যাডিশনাল আইজিপি জিএম আজিজুর রহমান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এবং নবীন কর্মকর্তাদের পরিবার-পরিজনসহ সংশ্লিষ্টরা ।
উল্লেখ্য, ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই প্রশিক্ষণ শুরু হয় গত মার্চ ২০২৫ সালে তা আজ সমাপ্তির মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন একদল মেধাবী ও প্রশিক্ষিত কর্মকর্তা যুক্ত হলো, যারা ভবিষ্যতে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রশিক্ষণ শেষে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রশিক্ষাণার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেয়া হয়।