রাজশাহী বিভাগীয় কমিশনারের ঈশ্বরদী উপজেলা ভূমি অফিসে আকষ্মিক পরিদর্শন
পাবনার ঈশ্বরদী উপজেলা ভূমি অফিস আকষ্মিক পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে তিনি ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী বিভাগীয় পুলিশের ডিআইজি মো. শাহজাহান। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার।
ঈশ্বরদী উপজেলা ভূমি অফিসে এসে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুল রশীদ সেখানে অপেক্ষমান উপকারভোগী মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে ভূমি অফিসের কার্যক্রম সম্পর্কে জানতে চান। পরে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার ও ভূমি অফিস সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপজেলা ভূমি অফিসের সার্বিক কার্যক্রম, সেবার মান, ভূমির রেকর্ড সংরক্ষণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশিদ দ্রুততম সময়ের মধ্যে ভূমি সংক্রান্ত বিষয়ের সমস্যার সমাধান, সেবার মান উন্নয়ন, দুর্নীতি পরিহার করে স্বচ্ছ প্রক্রিয়ায় জনসাধারণের সকল সেবা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন।