পদ্মা ব্যারেজ দ্রুত নির্মাণের দাবি এমপি মিলনের
পদ্মা ব্যারেজ দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে রাজশাহীতে গিয়েছিলেন। সেখানে কৃষকদের জন্য কৃষি উন্নয়ন ব্যাংকের ক্ষুদ্র ঋণ মওকুফের ঘোষণা দিয়েছিলেন। সেটি তিনি ইতোমধ্যে বাস্তবায়ন করেছেন। এছাড়াও তিনি কৃষির উন্নয়নের রাজশাহীতে একটি পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সেই পদ্মা ব্যারেজটি দ্রুত নির্মাণ করলে এই অঞ্চলের মানুষ সুফল পাবে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে বক্তব্যে এই দাবি তুলেন। সংসদে তিনি বলেন, দেশ ও জাতীর স্বার্থে একটি সুন্দর নির্বাচিন অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি তার বক্তব্যের সময় সত্য ইতিহাসকে স্বীকার করে নিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে বিগত দিনে নৈরাজ্য, সন্ত্রাসের যে উত্থান হয়েছিলো এবং বাংলাদেশ যে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছিলো তা অকপটে স্বীকার করে নেয়ার জন্য রাষ্ট্রপতিকে তিনি আবারও ধন্যবাদ জানান।
সংসদে তিনি বলেন, রাজশাহীতে শাহ্ মখদুম রূপোশ (রা.) এর নামে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর রয়েছে। কিন্তু এখান থেকে অভ্যান্তরিল বিমান চলাচল করে। কয়েকদিন আগে পত্রিকা থেকে জানতে পারলাম দেশের বিভিন্ন বিমানবন্দরগুলোকে ওয়াইফাইয়ের অন্তর্ভূক্ত করা হবে। কিন্তু সেই তালিকায় রাজশাহী বিমানবন্দরের নাম নেই। আমাদের বিমানবন্দরের ওয়াইফাই দিতে হবে।
তিনি আরও বলেন, রাজশাহী হচ্ছে কৃষি প্রধান একটি অঞ্চল। এখানকার কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাহিরে যায়। কিন্তু সরাসরি রাজশাহী থেকে অভ্যন্তরিন এবং দেশের বাহিরে কোন পণ্য যায় না। এজন্য রাজশাহী থেকে কার্গো বিমান চালুর দাবি করেন তিনি। এটা হলে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে।
মিলন বলেন, আমার নির্বাচনী এলাকায় অনেক বেকার রয়েছে। বেকারত্ব সমস্যা দূর করতে এগ্রোবেইজ ইন্ডাস্ট্রিজ করলে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। রাজশাহীতে বীজ সংরক্ষণের কোন হিমাগার নাই। তিনি বীজ সংরক্ষণে একটি ভালমানের হিমাগার তৈরি করতে হবে।
রাজশাহীতে মেডিকেলে অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আজও আলোর মুখ দেখেনি। দ্রুত এই বিশ্ববিদ্যালয়টি নির্মাণসহ পবা-মোহনপুরে বিভিন্ন ধরনের উন্নয়নের দাবি তুলে ধরেন তিনি।