কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ সাতজন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন। তাদেরকে জেলার বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) ভোররাত থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মহাসড়কের দাউদকান্দি, চান্দিনা, বুড়িচং ও চৌদ্দগ্রাম এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি, ইলিয়টগঞ্জ, ময়নামতি ও মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জাগো নিউজকে সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হতাহত ১০ জনের নাম পরিচয় জানাতে পারলেও বাকিদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নিহতরা হলেন- দাউদকান্দির উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) ও মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা পেশায় অটোরিকশা চালক ছিলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মো. জহিরুল ইসলাম (মইন) (২৭) এবং মেহেরপুর সদর উপজেলার কেশবপুর গ্রামের মো. সোহেল রানা (৩৫),
চান্দিনা পৌরসভার রাড়িরচরের বাবুল মিয়ার ছেলে ও স্থানীয় বড় গোবিন্দপুর আলী মিয়া ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইবনে তাইম (১৪) ও নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে ওমর ফারুক (৩৯) এবং চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা হাজেরা খাতুন (৭০)।
আহতরা হলেন, দাউদকান্দির নবীর হোসেন (৩৮), কাওসার (৪০), ইসমাইল (৩৭) ও সাগর মিয়া (৩৫)। তাদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীতে অটোরিকশায় পিকআপের ধাক্কা, পড়ে যাওয়া ব্যক্তিকে আবার থেঁতলে হত্যা রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে পিকআপ ভ্যানের চাপায় মুসলিম মিয়া (৫৫) নামে ব্যাটারিচালিত রিকশার আরোহী নিহত হয়েছেন। একই রিকশায় তার মেয়ে ও ১৯ মাস বয়সী নাতি ছিল। তবে তারা অক্ষত আছে বলে জানা গেছে।
বুধবার বেলা পৌনে ২টার দিকে তাঁতী বাজার মোড়ে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে পথচারী ও স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি কোতোয়ালি থানায় অবহিত করা হয়েছে।
ওমরাহ শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
পবিত্র ওমরাহ পালন শেষে সপরিবার বাড়ি ফিরছিলেন ১৬ বছর বয়সী কিশোর ওবায়েদ উল্যাহ। সৌদি আরব থেকে চট্টগ্রামে নেমে মাইক্রোবাসে করে ফিরছিলেন কক্সবাজারের গ্রামের বাড়িতে। কিন্তু সেই ফেরা আর পূর্ণ হলো না। পথিমধ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই কিশোর। এ ঘটনায় তার মা-বোনসহ আরও চারজন আহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া খান দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওবায়েদ উল্যাহ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগড় এলাকার সামছুল আলমের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরগুনায় সিমেন্টবোঝাই ট্রলি উল্টে চালক নিহত
বরগুনার তালতলী উপজেলায় সড়কের ঢালে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালু ও সিমেন্টবোঝাই একটি ট্রলি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ওই ট্রলির চাকার নিচে চাপা পড়ে চালক মো. বেল্লাল প্যাদা (৩০) নিহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে তালতলী উপজেলার প্রধান সড়কের বগীরহাট ওয়াপদা নামক এলাকায় সড়কের ঢালে নামার সময় এ ঘটনা ঘটে। নিহত বেল্লাল প্যাদা তালতলীর ছোটবগী ইউনিয়নের বগীরহাট নামক এলাকার জলিল প্যাদার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চালক বেল্লাল তার ট্রলিতে বালু এবং সিমেন্টবোঝাই করে তালতলীর প্রধান সড়ক হয়ে যাচ্ছিলেন। পরে ওই সড়কের বগীরহাট ওয়াপদা নামক এলাকায় পৌঁছে সড়কের ঢালে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এ সময় ওই ট্রলির সামনের চাকার নিচে চাপা পড়েন চালক বেল্লাল। পরে স্থানীয়রা ছুটে এসে বেল্লাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাড়ির পাশে ট্রেনে কাটা পড়ে যমজ ভাই নিহত
ফরিদপুরের মধুখালীতে রাজবাড়ী থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনে কাটা পড়ে তায়েব শেখ (৪) ও আহমেদ শেখ (৪) নামে যমজ ভাই নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে মধুখালীর নওয়াপাড়া ইউনিয়নের ভূষনা-লক্ষণদিয়া রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই ওই এলাকার ব্যবসায়ী ও লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা আকাশ শেখের ছেলে। এই যমজ সন্তান ছাড়াও আকাশ শেখের আরও একটি কন্যাসন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। লোকাল ট্রেনটি মধুখালী স্টেশন পার হয়ে যাওয়ার কিছু দূর পরেই লক্ষণদিয়া গ্রামের এই রেলগেটটির অবস্থান।
স্থানীয় ইউপি সদস্য মো. আকিদুল ইসলাম বলেন, ওই দুই শিশু বাড়ির পাশের দোকানে খাবার জিনিস কিনতে যাচ্ছিল। এ সময় রেলগেট পার হওয়ার জন্য রেললাইনের ওপর চলে আসে। এতে করে ওই দুই শিশু ট্রেনে কাটা পড়ে।
তথ্যসূত্র: জাগোনিউজ, আজকের পত্রিকা অনলাইন, ঢাকাপোস্ট