সরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা
নওগাঁর বদলগাছী সরকারি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন না হওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার জেরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষ ও কলেজের মূল গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন।
বুধবার (০১ এপ্রিল) দুপুরে বদলগাছী সরকারি কলেজে এই ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘন্টা তালাবদ্ধ থাকে কলেজ ও অধ্যক্ষের রুম। জানা যায়, কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দাবি নিয়ে শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে কথা বলেন। তখন অধ্যক্ষ শিক্ষার্থীদের বলেন, সমনে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ও আরো বিশেষ বিশেষ পরীক্ষা রয়েছে তাই এখন সাংস্কৃতিক অনুষ্ঠান করা সম্ভব নয়।
পরীক্ষা শেষ হলে অনুষ্ঠান হবে বলে জানান। এতে উত্তেজিত শিক্ষার্থীদের একটি অংশ অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তালা ঝুলিয়ে দেয় এবং একই সঙ্গে কলেজের প্রধান ফটকের মূলগেটেও তালা লাগিয়ে দেয়। অধ্যক্ষের রুমের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেন ছাত্ররা। অধ্যক্ষের রুমে তখন প্রায় ১৪ জন লোক অবস্থান করছিলেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে কলেজের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং কলেজের প্রভাষক ও শিক্ষার্থীরা কলেজের ভিতরে আটকে পড়েন। এরপর থানা পুলিশের সহায়তায় তালা খোলা হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, “আমাদের দীর্ঘদিনের প্রস্তুতি ছিল। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এর সঠিক ব্যাখ্যা চাই।” মাহিনূর ও লাবনী নামে দুই শিক্ষার্থী জানান, কলেজ তালাবদ্ধ হওয়ায় বাহিরে বের হতে পারছি না। আজকে কলেজে এসে বিপদে পড়ে গেছি।” খবর পেয়ে বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লৎফর রহমান নেতৃত্বে থানা পুলিশের একাধিক এসআই ও কনস্টোবল ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে তালা খোলার ব্যবস্থা করেন। তার আগে কেউ কলেজে ঢুকতে ও বাহিরে বের হতে পারে নি।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. রফিকুল ইসলাম শেখ বলেন, “ মন্ত্রণালয় চিঠি অনুযায়ী এখন অনুষ্ঠান করা সম্ভব নয়। তাছাড়া আর মাত্র কয়েক দিন পর থেকে কলেজে বিশেষ বিশেষ পরীক্ষা রয়েছে। আমরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। পরীক্ষার পর অনুষ্ঠান হবে। তিনি আরো বলেন,“ মন্ত্রণালয়ের পরিপত্র বা প্রশাসনিক কোন কিছু না ভেবে আমার অফিসে আমি সহ কয়েকজন শিক্ষক কে রেখে তারা তালা মারে।
এরপর মূল গেটেও তালা ঝুলিয়ে দেয় এবং আমার রুমের বিদুতের সংযোগটিও বিচ্ছিন্ন করে রাখে। এতে করে প্রায় আড়াই ঘণ্টা ধরে কলেজের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এসে শিক্ষার্থীদের সাথে কথা বলে তালা খুলে দেই।
এ ঘটনায় কলেজজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের দাবি, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার তাগাদা দেন তারা।