রামেক হাসপাতালে বাড়লো শিশুদের আইসিইউ শয্যা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে বাড়তি চাপ সামাল দিতে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। শিশুদের জন্য আরও ছয়টি শয্যা বাড়ানো হয়েছে। এছাড়াও আইসিইউ শয্যার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার ও বুধবার দুইদিনে হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশু মারা গেছে। বুধবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত হাম উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ১১৭ জন শিশু ভর্তি আছে। এছাড়াও আইসিইউ শয্যার অপেক্ষায় আছে আরও ৫৬ জন শিশু।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শিশু আইসিইউর সক্ষমতা বাড়াতে জেরিয়াট্রিক আইসিইউ থেকে ছয়টি বেড যুক্ত করা হয়েছে। এতে করে শিশু আইসিইউতে মোট বেডসংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে। এর মধ্যে ১২টি বেড হামে আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত এবং বাকি ৬টি বেড অন্যান্য শিশু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে।
তিনি আরও বলেন, আইসিইউর ওপর চাপ কমাতে বিকল্প ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সাময়িকভাবে রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউতে ১০টি বেড ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে রামেক হাসপাতালের আইসিইউ থেকে এক শিশু রোগীকে (নন-মিজেলস) সেখানে স্থানান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে আরও রোগী স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
ডা. শংকর কে বিশ্বাস আরও জানিয়েছেন, স্থানান্তরিত রোগীদের চিকিৎসাসেবা রামেকের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্টাফদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এ ক্ষেত্রে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা দেবে।