পত্নীতলায় পিক-আপের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার পত্নীতলা-সাপাহার সড়কের করমজাই (কাল্লাকাটি) মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ব্যক্তি মোজাফফর হোসেন (৭০)। তিনি মৃত. তায়েজ উদ্দিনের ছেলে এবং নজিপুর ইউনিয়নের নাদৌড় গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি বাইসাইকেল চালিয়ে নজিপুরে যাচ্ছিলেন। পথে করমজাই এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) পত্নীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল গফুর।