বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল
বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে সীমিত থাকবে যান চলাচল। এক্ষেত্রে মোটরসাইকেল বন্ধ থাকবে তিনদিন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এমন চিঠি সড়ক বিভাগের সচিবকে পাঠিয়েছেন বলে জানাগেছে।
এতে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণের নির্ধারিত দিনের আগের দিন মধ্যরাত অর্থাৎ ৮ এপ্রিল রাত ১২টা থেকে ৯ এপ্রিল রাত ১২টা পর্যন্ত পিকআপ, মাইক্রোবাস, ট্রাক, ট্যাক্সি ক্যাব ও প্রাইভেটকার চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ৭ এপ্রিল রাত ১২টা থেকে ১০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষক, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এবং ওষুধ, চিকিৎসা সামগ্রী ও সংবাদপত্র পরিবহনকারী যানবাহন, দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের ক্ষেত্রে ব্যবহৃত যানবাহনের ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য ১টি এবং তার নির্বাচনি এজেন্টের জন্য ১টি যানবাহন (জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি), যা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শনের শর্তে চলাচল করতে পারবে।
সাংবাদিক, পর্যবেক্ষক বা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন/মোটরসাইকেলও নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে। অনুমতি সাপেক্ষে অন্যান্য যানবাহনও চলাচল করতে পারবে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন